অনুতপ্ত জয়ের অঙ্গীকার
আগের দিনই ক্ষমা চেয়েছেন। এমন কাণ্ড আর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন সাংবাদিকদের কাছে। আরিফ খান (জয়) কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলেন। ‘আমি দুঃখিত, অনুতপ্ত। অসাবধানতাবশত ওই দিন আমার পকেটে পিস্তল ছিল। ম্যাচ চলাকালে বাফুফে কর্মকর্তা হিসেবে মাঠে যাওয়া নিষিদ্ধ জানি, তবে ভুলবশত চলে গিয়েছি’—পিস্তল-কাণ্ডে এই হলো জয়ের বক্তব্য।গত মঙ্গলবার মোহামেডান-বিজেএমসি ম্যাচের বিরতির সময় মাঠে ঢোকেন জয়। প্রথমার্ধে তাঁর দলের বিরুদ্ধে পেনাল্টি দেওয়ায় শাসিয়েছেন রেফারিকে। ওই সময় বিজেএমসির এই পরিচালক ও বাফুফের সহসভাপতির পকেটে থাকা পিস্তলের ছবি পরদিন সব পত্রিকায় ছাপা হয়েছে। মাঠে পিস্তল বহন অবৈধ হলেও কাল তিনি দিলেন নতুন তথ্য, ‘পিস্তল অন্য সব দিনও আমার পকেটে থাকে। কিন্তু ব্লেজার পরে থাকার কারণে দেখা যায় না। কিন্তু এদিন আমার গায়ে ব্লেজার ছিল না। তাই ওটা দেখা গেছে।’ কাল এসব যখন বলছিলেন, সাবেক ফুটবলার ইকবাল, বিজন, জাকির, গাউস, স্বপন, বর্তমান খেলোয়াড় আমিনুল, ওয়ালি ফয়সাল, শুভ্রসহ অনেকে তখন তাঁর আশপাশে। শুভানুধ্যায়ী পরিবেষ্টিত অবস্থায় তাঁকে প্রশ্ন করা হয়, ফিফার নিয়মে মাঠে আগ্নেয়াস্ত্র বহন শাস্তিযোগ্য অপরাধ জানতেন না? জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বললেন, ‘ফিফার নিয়ম এ দেশে অনেক কিছুই মানা হয় না। বাফুফের অনেকে বিরতির সময় মাঠে যায়, তাই আমিও গিয়েছি। ভবিষ্যতে আর যাব না।’এ ঘটনায় পারিবারিক ও রাজনৈতিক জীবনে ঝড়ের মুখে পড়েছেন। নেত্রকোনোয় তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অস্ত্রসহ সেই ছবি ছাপিয়ে ঘরে ঘরে লিফলেট ছেড়েছে বলে জানা গেছে। এখন কৃতকর্মের জন্য অনুতপ্ত এই ফুটবলার, ‘ভবিষ্যতে ইতিবাচক খবর হয়ে ফুটবলের জন্য কাজ করব।’শুধু জয় নন, বাফুফের সহসভাপতি বাদল রায়, তাবিথ আউয়াল, সদস্য আমিরুল ইসলামকেও বিরতির সময় মাঠে দেখা গেছে। তাঁদেরও কি কারণ দর্শাও নোটিশ দিয়েছে বাফুফে? সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠলে জয় বলেন, ‘আমি সেটা জানি না।’খোঁজ নিয়ে জানা গেছে, কে মাঠে যায় না-যায় বাফুফে সেসবের খবরই রাখে না। ‘এ বিষয়ে আমরা অবহিত নই’—পরে মুঠোফোনে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর দায় এড়ানো এ কথায় সেটা পরিষ্কার।