অনুতপ্ত নাভারো
লেভান্তের সঙ্গে ম্যাচে বাঁ চোখের ওপরে ভীষণ আঘাত পেয়েছেন। লা লিগায় গত রোববার লেভান্তে ডিফেন্ডার ডেভিড নাভারোর কনুই লেগে এই হাল ক্রিস্টিয়ানো রোনালদোর। রক্ত ঝরেছে, চোখের ওপরে আঘাত নিয়েই অবশ্য গোল করেছেন। কিন্তু প্রথমার্ধের শেষে চোখে ঝাপসা দেখতে থাকায় আর ঝুঁকি নেননি, উঠে গেছেন মাঠ থেকে। যাঁর কনুইয়ের আঘাতে রোনালদো চোট পেয়েছেন সেই নাভারো কিন্তু অতীতেও খেলার মাঠে সহিংস ঘটনায় জড়িয়েছে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবেব কনুই মারার অভিযোগ উড়িয়ে দিয়েছেন লেভান্তে ডিফেন্ডার, ‘এটা ছিল একটা দুর্ঘটনা। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষতি করার কোনো ইচ্ছা আমার ছিল না।’ লেভান্তের অফিশিয়াল ওয়েবসাইটে এই ঘটনার জন্য অনুতাপও করেছেন, ‘খেলায় এ রকম ঘটে। ওকে আহত করার জন্য আমি অনুতপ্তও, কিন্তু আমি আবারও বলছি, এটা ছিল একেবারেই অনিচ্ছাকৃত।’ গত সোমবার নাভারো রোনালদোর সঙ্গে যোগাযোগ করে তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেছেন।” ২০০৭ সালে নাভারো যখন ভ্যালেন্সিয়ায়, ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচেও মারামারিতে জড়িয়ে পড়েছিলেন। ইন্টারের নিকোলাস বুর্দিসোকে মুখে ঘুষি মেরে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হন। ফিগো ও মেসিকেও দুবার বিপজ্জনক ট্যাকল করেছিলেন এই ডিফেন্ডার।এই চোটের ফলে অবশ্য রিয়ালের চেয়ে পর্তুগাল জাতীয় দলেরই বেশি ক্ষতি হয়েছে। গ্যাবনের সঙ্গে গতকাল প্রীতি ম্যাচটা খেলতে পারেননি রোনালদো। রয়টার্স।