অনুতপ্ত প্রেমিক, না ঠান্ডা মাথার খুনি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের কাঠগড়ায় অস্কার পিস্টোরিয়াস ।  এএফপি
আদালতের কাঠগড়ায় অস্কার পিস্টোরিয়াস । এএফপি

বান্ধবীর সঙ্গে কী দারুণ সময় কাটিয়েছেন সেই স্মৃতিচারণা করতে গিয়ে কখনো উদাস হয়ে যাচ্ছেন, কখনো দুজনের খুনসুটির গল্প বলতে গিয়ে হেসে উঠছেন। সেই বান্ধবীর মৃতদেহের ছবি দেখে শিউরে উঠছেন কখনো, কেঁদেছেন হু হু করে।
কে জানে অস্কার পিস্টোরিয়াসের কোনটা অভিনয় আর কোনটা সত্যি! এত ভালোবাসতেন যাঁকে সেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগ যে এখন তাঁর বিরুদ্ধে! আসলেই অনুশোচনার আগুনে পুড়ছেন হতভাগ্য প্রেমিক, নাকি এই চেহারার আড়ালে লুকিয়ে আছে ঠান্ডা মাথার এক খুনি?
গত বছর ভালোবাসা দিবসের রাতেই ভালোবাসার মানুষকে গুলি করে মেরে ফেলেন প্যারালিম্পিকে সোনাজয়ী দৌড়বিদ পিস্টোরিয়াস। তার পর থেকেই দাবি করে আসছেন—ভুল করে স্টিনক্যাম্পকে গুলি করেছেন। ঘরে কোনো অনাহূত আগন্তুক ঢুকে পড়েছে ভেবে নাকি আত্মরক্ষার্থেই তিনি গুলি চালিয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবীদের অবশ্য সে কথা বিশ্বাস করাতে পারেননি। তাঁর এই অনুশোচনা লোক-দেখানো, আদালতের অনুকম্পা পাওয়ার চেষ্টা বলে প্রমাণের চেষ্টা করছেন তাঁরা। পাঁচ দিন ধরে তাঁকে জেরার পর বাদীপক্ষও এটাই প্রমাণের চেষ্টা করেছেন, পিস্টোরিয়াস সেই রাতের যে ঘটনার বর্ণনা দিয়েছেন, সেটা বানোয়াট, মিথ্যাচারে ভরা। আগামী ৫ মে পর্যন্ত আদালত মুলতবি হওয়ার আগে গতকাল শেষ দিনে বাদীপক্ষের আইনজীবী গ্যারি নেল সরাসরি খুনের অভিযোগ আনেন পিস্টোরিয়াসের বিরুদ্ধে, ‘স্টিনক্যাম্প বাথরুমে ছিলেন এবং এটা জেনেই আপনি তাকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র বের করেন। মেয়েটা দরজার ভেতরে আছে নিশ্চিত হয়েই আপনি একে একে চারটি গুলি করেন।’
এ সময় ‘এটা সত্য নয়’ বলে প্রতিবাদ করেন পিস্টোরিয়াস। দরজার আড়ালে হঠাৎ শব্দ শুনে নিরাপত্তার খাতিরেই গুলি করেছেন বলে দাবি করেন তিনি, ‘শব্দ শুনে আমি আর কিছু ভাবিনি। চিন্তাভাবনা করার আগেই আমি ট্রিগার টেনে দিয়েছিলাম।’ পিস্টোরিয়াসের দাবি, গুলি করার পর দৌড়ে বিছানায় আসেন তিনি। সেখানে এসে রিভা স্টিনক্যাম্পকে দেখতে পাননি। তখনই প্রথম বান্ধবীকে গুলি করার বিষয়টি বুঝতে পারেন। তবে বাদীপক্ষের আইনজীবী যুক্তি দেখান, বান্ধবী আছে কি না সেটাই সবার আগে বেডরুমে গিয়ে দেখার কথা তাঁর।
স্টিনক্যাম্পকে ইচ্ছাকৃতভাবেই খুন করেছেন এ অভিযোগ প্রমাণিত হলে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে পিস্টোরিয়াসের। রয়টার্স।