অনুদানের টাকায় ভ্রমণবিলাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবায় ভ্রমণবিলাস চলছেই।
আগামী ১ থেকে ১৫ আগস্ট দাবা অলিম্পিয়াড। খেলোয়াড়, কর্মকর্তা, কর্মকর্তাদের স্ত্রী-পুত্র মিলিয়ে ২৬ জনের বিশাল বহর ৩০ জুলাই যাচ্ছে অলিম্পিয়াডের এবারের ভেন্যু নরওয়েতে।
২৬ জনের মধ্যে ১০ জন খেলোয়াড়। সফরের দলনেতা, কংগ্রেস প্রতিনিধি দুজন এবং একজন আরবিটার—এ চারজন সরকারিভাবে দলের সঙ্গী। বাকি ১২ জন ফেডারেশন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্য।
খেলোয়াড়দের সঙ্গে এত কর্মকর্তার ভ্রমণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশাল এ দলের নরওয়ে যাত্রায় খরচ পড়ছে ৩৫ লাখ টাকার বেশি। যদিও ফেডারেশন সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকের দাবি, ‘কর্মকর্তাদের যাতায়াতের খরচের একটি টাকাও ফেডারেশন থেকে নেওয়া হচ্ছে না।’ কিন্তু প্রশ্ন উঠছে সেখানেই, তাহলে এত বিশাল অঙ্কের টাকার উৎস কোথায়? বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার তিন বছরের মধ্যে ‘টাকার অভাবে’ কোনো গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের আয়োজন করতে পারেনি, এমনকি আইএম টুর্নামেন্টও হয়নি। দায়সারা কিছু আয়োজনেই সব সীমাবদ্ধ।
অলিম্পিয়াডের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে ২৭ লাখ ২ হাজার টাকা অনুদান চেয়েছিল ফেডারেশন। মাত্র ৩ লাখ টাকা দিয়েছে এনএসসি। বাকি টাকার উৎস জানাতে চাইলেন না সাধারণ সম্পাদক, ‘এত টাকা কোথায় পেয়েছি তা এখনই বলতে চাইছি না। জাতীয় স্বার্থেই আমরা এই টাকার উৎসের কথা জানাতে চাই না।’
দাবাঙ্গনে গুঞ্জন, এবারের ফিদের নির্বাচনের আগে বাংলাদেশের ভোট পেতেই দুই পক্ষের সভাপতি প্রার্থীরা বাংলাদেশকে টাকা দিয়েছেন। মাস দুয়েক আগে অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বিদেশি কোচ আনতে মালয়েশিয়ায় গিয়েছিলেন দুই কর্মকর্তা। সেখানেই এ অনুদানের ব্যাপারে আলোচনা হয়েছিল, ফেডারেশন সাধারণ সম্পাদক বিষয়টা তখন স্বীকারও করেছিলেন। আরেকবার আলোচনা হয়
দুবাইয়ে। তবে পুরো বিষয়টাকে তাঁরা এখন বলছেন ‘বৈশ্বিক দাবা অনুদান’; সেই টাকা পেয়েই বিদেশ যাচ্ছেন কর্মকর্তারা।
অনুদানের টাকা বাংলাদেশের দাবা উন্নয়নে খরচ হওয়ার কথা। সেই টাকা দিয়ে বিদেশ ভ্রমণ কেন, প্রশ্ন ওঠা খুবই প্রাসঙ্গিক। সাধারণ সম্পাদক কৌশলে উত্তর এড়িয়ে গেলেও জাতীয় স্বার্থে টাকার উৎসের কথা জানাবেন না বলে রহস্যটা বাড়িয়ে দিলেন আরও। এ কারণেই সফরটা হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ।
সরকার বিষয়টা ধরতে পেরেই কিনা জিও (সরকারি অনুমোদন) দিয়েছে ১০ খেলোয়াড় ও দল-সংশ্লিষ্ট ৩ কর্মকর্তাকে। বাকিদের জিও দেওয়া হয়নি। তবে তাঁরা নিজেদের মতো করে ভিসা নিয়ে নরওয়ে যাচ্ছেন।
নরওয়ে যাত্রার বিশাল বহরে আছেন মনিরুজ্জামান পলাশ নামের দাবা ফেডারেশনের নির্বাহী কমিটির বাইরের একজন। সাংবাদিক পরিচয়ে একজন ফেডারেশন কর্মকর্তা যাচ্ছেন, কামরুজ্জামান নামের আরেকজন যাচ্ছেন ফটোগ্রাফার হিসেবে, যদিও তিনি ফটোগ্রাফার নন। আরেক কর্মকর্তা লায়ন মুজিবুর রহমান দাবা দলের প্রায় সব বিদেশ সফরেই থাকেন। নিজের এলাকায় দাবার উন্নয়নে কতটুকু ভূমিকা রাখেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। দাবা অঙ্গনে এও ফিসফিসানি চলছে, বিশাল এ বহরের চার-পাঁচজন নাও ফিরতে পারেন! অনেকে আদম পাচারের গন্ধও পাচ্ছেন!
গত অলিম্পিয়াডে মোট আট কর্মকর্তা গিয়েছিলেন গ্রিস, এবার এত বেশি লোকের যাওয়া নিয়ে সাধারণ সম্পাদক বললেন, ‘অভিজ্ঞতা অর্জনের জন্যই এঁরা যাচ্ছেন।’
কিন্তু বিদেশ সফর নিয়ে কর্তাদের যত আগ্রহ, খেলা নিয়ে তার এক শভাগের এক ভাগও তো নেই!