অনুপ্রাণিত নিকার্কই যখন প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যারা স্বচ্ছ থেকে খেলতে চায়, তাদের সবার জন্য এটা ভালো বার্তা হতে পারে
যারা স্বচ্ছ থেকে খেলতে চায়, তাদের সবার জন্য এটা ভালো বার্তা হতে পারে

ক্যারিয়ারের প্রথম অলিম্পিকে সোনা, সেটিও আবার কিংবদন্তি মাইকেল জনসনের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়ে! ওয়েইড ফন নিকার্কের উচ্ছ্বাস তো বাঁধনহারা হবে। তবে উচ্ছ্বাসের পাশাপাশি একটা তৃপ্তিও আছে দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেটের। পারফরম্যান্স বাড়াতে অনেক অ্যাথলেটই বুঝে না বুঝে ডোপের ‘কালো হাত’ ধরে ফেলেন। কিন্তু নিকার্ক নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে প্রমাণ করছেন, ডোপ নেওয়া ছাড়াও চ্যাম্পিয়ন হওয়া যায়, গড়া যায় বিশ্ব রেকর্ড।
মাইকেল জনসনের ১৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে রিও অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ওয়েইড ফন নিকার্ক। সময় নিয়েছেন ৪৩.০৩ সেকেন্ড, যা ১৯৯৯ সালে সেভিয়ায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে মাইকেল জনসনের গড়া বিশ্ব রেকর্ডের চেয়ে ০.১৫ সেকেন্ড কম। নিকার্ক রেকর্ড গড়েছেন ৮ নম্বর লেন থেকে, যেখান থেকে ১৯২৪ সালের পর কেউ ৪০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়নই হতে পারেননি! তাঁর পারফরম্যান্স দেখে স্বয়ং মাইকেল জনসনও বলেছেন, ‘অবিশ্বাস্য! ভয়াবহ ব্যাপার!’
পূর্বসূরির এই প্রশংসাকে নিকার্ক নিচ্ছেন বড় অনুপ্রেরণা হিসেবে। আবার তাঁর নিজের পারফরম্যান্সও অন্যদের জন্য প্রেরণা হতে পারে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান এই স্প্রিন্টার, ‘যারা স্বচ্ছ থেকে খেলতে চায়, তাদের সবার জন্য এটা ভালো বার্তা হতে পারে। আমি নিজেও একসময় ভাবতাম, ৪৪ সেকেন্ডের কমে ৪০০ মিটার দৌড়াতে হলে পারফরম্যান্সবর্ধক কিছু নিতে হবে। কিন্তু দেখুন, আজ আমি কোথায় আছি। পারফরম্যান্সবর্ধক কিছু না নিয়ে শুধু পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে আমি সেটা করে দেখিয়েছি।’ এএফপি।