অনুমতি পেলেনই না ভারোত্তোলকেরা!
অনুশীলন ক্যাম্প করতে কাল দক্ষিণ কোরিয়া গেলেন ১০ জন ভারোত্তোলক। সঙ্গে দুজন কোচ। এ সুযোগে ভারোত্তোলকেরা দক্ষিণ কোরিয়াতেই অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার সুযোগ চেয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে। কিন্তু সেই সুযোগ দিল না বিওএ।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজার বক্তব্য, ‘ওখানে তো ওই মানের ভারোত্তোলক পাঠানো হচ্ছে না।’ বিদেশে পদকজয়ী মোল্লা সাবিরা সুলতানা, বিদ্যুৎ কুমার রায়সহ শীর্ষ দশ ভারোত্তোলক গিয়েছেন বলার পর তাঁর কথা, ‘এখন আর সুযোগ নেই।’
ভারোত্তোলকদের এ সফরের পুরো খরচই দিচ্ছে দক্ষিণ কোরিয়া ভারোত্তোলন ফেডারেশন। বিওর কোনো খরচই লাগছে না। এটা মনে করিয়ে দিলে এবার বিওএ মহাসচিবের কথা, ‘খরচের ব্যাপার নয়, আসলে এটা নীতির ব্যাপার।’ গেমসে ভালো করবে না জেনেও বেশ কয়েকটি খেলায় দল পাঠানো হচ্ছে সরকারি অর্থে। অথচ বিনা খরচেও ভারোত্তোলকদের এশিয়ান গেমসে সুযোগ দিতে রাজি নয় বিওএ!