অনুমিত আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন কখনোই দেখেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কম গোল খাওয়াই ছিল প্রধান লক্ষ্য। কিন্তু এশিয়া কাপের শিরোপাপ্রত্যাশী ভারত নির্দয়ভাবে ৯-১ গোলে হারিয়েছে বাংলাদেশকে।আগেই সেমিফাইনালে ওঠা ভারত এই জয় নিয়ে ‘বি’ গ্রুপে হলো চ্যাম্পিয়ন। আগামীকাল সেমিফাইনালে স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি তারা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের পোস্টে দিয়েছে ৯ গোল। পরের ম্যাচে ওমানের কাছে অপ্রত্যাশিতভাবে ৪-২-এ হার। টানা দুই হারে মানসিকভাবে অনেকটা পিছিয়ে থেকেই কাল ইপোহর আজলান শাহ স্টেডিয়ামে খেলতে নামে বাংলাদেশ। অথচ ওমান ও কোরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতকে একটুও নির্ভার দেখা যায়নি। বাংলাদেশের মাঝমাঠবিহীন অতিরক্ষণাত্মক কৌশল তাদের আক্রমণাত্মক খেলার সুযোগ করে দেয় শুরু থেকেই এবং ফলও পায় তাড়াতাড়ি। পাল্টা-আক্রমণ থেকে বাংলাদেশ যে দু-তিনটি সুযোগ পেয়েছিল সেগুলোও কাজে লাগাতে পারেনি। আগের দুই ম্যাচের মতোই রক্ষণভাগ চাপ সামলাতে পারেনি। খেলোয়াড়দের শরীরী ভাষাটা তুলনামূলক লড়াকু দেখালেও শেষ পর্যন্ত তাতে কিছুই এসে-যায়নি। অথচ এই ভারতের কাছেই বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ডে লড়াই করে বাংলাদেশ হেরেছিল ৫-১ গোলে।৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন রুপিন্দর পাল সিং (১-০)। মাঝে মিনিট পনেরো ভারতকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতেই গোল করেছে ভারত, ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ম্যাচে ৪টি গোল করেন রুপিন্দর, ৩টি রঘুনাথ, মনদীপ ও নিতিন ১টি করে। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের একমাত্র গোলটি করেন অধিনায়ক মামুনুর রহমান (চয়ন)। বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্রই পেনাল্টি কর্নার, অথচ পুরো ম্যাচে যা একটিই আদায় করতে পেরেছে। আগামীকাল জাপানের সঙ্গে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে জিমি-চয়নদের দল।