অনুশীলন মাঠ অপছন্দ অতিথিদের
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্ব খেলতে আসা মালদ্বীপের ফুটবলাররা কালই প্রথম অনুশীলন করলেন ব্রাদার্স মাঠে। আগের দিন সেখানে অনুশীলনের পর অসন্তোষ জানিয়েছিল সৌদি আরব দল। কাল প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে অনুশীলনের পরও একই রকম প্রতিক্রিয়া দেখা গেল সৌদি আরবের। ২৫ অক্টোবর ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে মালদ্বীপ মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশের। বাছাইপর্বের জন্য কেমন প্রস্তুত মালদ্বীপ? কোচ ইব্রাহিম হালিম জানালেন, ‘এখানে আসার আগে চার মাসের অনুশীলন করেছি। আর শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে জিতেছি।’ দলের মাত্র চারজন খেলোয়াড়ের আন্তর্জাতিক ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। বাকি সবারই এটি প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপ সৌদি আরবকেই দিচ্ছে বেশি সম্মান, ‘গত আগস্টে সৌদি আরব অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ভালো খেলেছে। সেই দলের অনেকেই এখানে খেলছে। ওরা খুবই শক্তিশালী দল।’ বাংলাদেশ সম্পর্কে নাকি কোনো ধারণাই নেই মালদ্বীপ কোচের। বললেন, ‘পত্র-পত্রিকা ও ইন্টারনেট ঘেঁটে বাংলাদেশের এই দল সম্পর্কে জানার চেষ্টা করেছি। কিছু পাইনি। তবে দেশের মাটিতে হয়তো বাংলাদেশ ভালোই খেলবে।’ দলের তরুণ অধিনায়ক আবদুল্লাহ ফায়াজ গ্রুপপর্ব পেরোতে চান । ইকার ক্যাসিয়াসের দারুণ ভক্ত এই গোলরক্ষকের মতে, গ্রুপের ফেবারিট দল সৌদি আরব।বুয়েট মাঠে কাল অবশ্য পছন্দমতো অনুশীলন করতে পারেননি সৌদি আরব দলের খেলোয়াড়েরা। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই একটু আগেভাগে আসা তাঁদের। কিন্তু মাঠ অসমতল হওয়ায় নাকি তাঁদের প্রত্যাশামতো অনুশীলন হয়নি। এর আগে ব্রাদার্সের মাঠ নিয়েও অভিযোগ ছিল সৌদি আরবের। আজও সকালে বুয়েটের মাঠেই অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সকালে অনুশীলনের ব্যাপারে আপত্তি আছে তাঁদের। এই মাঠে অবশ্য কাল সকালে অনুশীলন করেছে ওমান।