অনুশীলন ম্যাচে নেই তামিমও
তিন দিনের অনুশীলন ম্যাচ খেলতে আগামীকাল খুলনায় যাচ্ছেন বাংলাদেশ লাল ও সবুজ দলের ছদ্মাবরণে জাতীয় দলের ক্রিকেটাররা। শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ থেকে ৫ সেপ্টেম্বর চলবে ম্যাচটি। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে অধিনায়ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১২ সদস্যের দল দুটির নাম ঘোষণা করেছে গতকাল।
আঙুলের চোটের কারণে বিশ্রামে থাকা সাকিব আল হাসান ম্যাচটা খেলবেন না জানাই ছিল। কাল জানা গেল খেলছেন না তামিম ইকবালও। সিপিএল-ফেরত এই ক্রিকেটার পারিবারিক সমস্যার কারণে খুলনা যেতে পারবেন না বলে জানিয়েছেন বিসিবিকে।
লাল দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, জহুরুল ইসলাম, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, নাসির হোসেন, শামসুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, মুক্তার আলী, শফিউল ইসলাম, সাজেদুল ইসলাম।
সবুজ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), শাহরিয়ার নাফীস, এনামুল হক (বিজয়), মমিনুল হক, রকিবুল হাসান, মেহরাব হোসেন জুনিয়র, জিয়াউর রহমান, সোহাগ গাজী, এনামুল হক জুনিয়র, রবিউল ইসলাম, রুবেল হোসেন, আল আমিন হোসেন।