অনুশীলন শুরু মেসিদের

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনা নামের এক জাদুকরের হাত ধরে আর্জেন্টিনার ঘরে গিয়েছিল বহু আরাধ্য বিশ্বকাপ শিরোপা। এরপর চলে গেছে বহু শীত-বসন্ত! আর শিরোপা ওঠেনি আর্জেন্টাইনদের হাতে। ঘুরেফিরে আবারও এসেছে বিশ্বকাপ। এবার কি পারবে আর্জেন্টিনা জিততে? সে উত্তর আপাতত অজানা। তবে ইতিহাস সৃষ্টির প্রত্যয়ে আজ বুয়েনস এইরেসে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা দল। অনুশীলনের প্রথম দিনে উপস্থিত ছিলেন না অ্যাঙ্গেল ডি মারিয়া।
অনুশীলনের প্রথম দিনে যোগ দিয়ে ভীষণ খুশি লিওনেল মেসি। বললেন, ‘যখন জাতীয় দলের সতীর্থ-বন্ধুদের মাঝে ফিরে আসি, তখন আমার মানসিকতা বদলে যায়, অন্য রকম গল্প তৈরি হয়।’
বার্সেলোনার জার্সিতে যতটা দুর্দান্ত, জাতীয় দলের জার্সিতে ততটা নয়—এমন কথা শুনতে শুনতে মেসির কান ঝালাপালা হওয়ার জো। দুটি বিশ্বকাপে গোল করেছেন মাত্র একটি (২০০৬-এ)। এ বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারবেন মেসি? আর্জেন্টিনা অধিনায়ক বললেন, ‘জাতীয় দলের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। অতীতে অনেক সময় বার্সায় ফিরে ভালো খেলেছি। এখন আশা করছি, ঠিক তার বিপরীত ঘটনাই ঘটবে। ’