অনুশীলনে গুপ্তচর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই ব্রাজিলের অগ্নিপরীক্ষা। চিলির কোচ হোর্হে সামপাওলি তাই ছাত্রদের নিয়ে অনুশীলনে ব্রাজিল-বধের ছক কাটছিলেন। হঠাৎ খেয়াল করলেন, দূর থেকে একটা হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। মাঠের কাছাকাছি এসে সেটা ঘুরপাক খেতে লাগল। ভালোমতো খেয়াল করলে বোঝা যাচ্ছিল, কারা যেন ভিডিও করার চেষ্টা করছে। সামপাওলি বুঝে গেলেন, কিছু একটা ঘাপলা আছে। সঙ্গে সঙ্গে ছাত্রদের অনুশীলন থামিয়ে দেওয়ার নির্দেশ দিলেন।
কিন্তু বেলো হরিজন্তের টোকা ডা রাপোসার ওই অনুশীলনে হঠাৎ হেলিকপ্টার কেন? পরে জানা গেছে, ওটা আসলে ব্রাজিলের সবচেয়ে বড় টিভি চ্যানেল গ্লোবোর। তাহলে কি চিলির কৌশলের ওপর গুপ্তচরবৃত্তি করতেই ওই হেলিকপ্টার পাঠানো হয়েছিল? চিলি মিডফিল্ডার মরিসিও ইসলা কিন্তু সেই সন্দেহের কথাই জানিয়েছেন, ‘আমরা খুব একটা বিরক্ত হইনি। কিন্তু আমাদের কোচ একটু চিন্তিত হয়ে পড়েছিলেন পাছে ওরা আমাদের কৌশল দেখে ফেলে কিনা।’ পরে অবশ্য রসিকতা করে বলেছেন, ‘আমরা বল দিয়ে ওটাকে পেড়ে ফেলার চেষ্টা করেছিলাম। পারিনি!’
৫০ মিনিট বন্ধ থাকার পর অবশ্য আবার অনুশীলন শুরু করেছেন সামপাওলি। এর মধ্যে সাংবাদিকেরাও অনুশীলনমাঠের ত্রিসীমানায় পা রাখতে পারেননি। হেলিকপ্টার-কাণ্ডের পর ভবিষ্যতেও আর পারবেন কি না সন্দেহ। মেইলঅনলাইন।