অনুশীলনে নেই ওঁরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল টন্টনে অনুশীলন করল পাকিস্তান দল। স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত তিন খেলোয়াড়—সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে দেখা গেল না সেখানে। ইংলিশ ক্রিকেট বোর্ড ও সংবাদমাধ্যমের চাপেই কি সরিয়ে নেওয়া হয়েছে তাঁদের?পাকিস্তান দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ জিও সুপার টেলিভিশনকে বলেছেন, এই তিন খেলোয়াড় বুধবার (আজ) লন্ডনে পাকিস্তানি হাইকমিশনারের সঙ্গে দেখা করবেন। ধারণা করা হচ্ছে, সাংবাদিকদের এড়ানোর জন্যই এই তিনজনকে সরিয়ে নেওয়া হয়েছে অনুশীলন থেকে।আবার কোনো কোনো সংবাদমাধ্যম বলছে, তিন ক্রিকেটারকে দলের সঙ্গে অনুশীলনে পাঠাতে নিষেধ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। কারণ, আজ এই তদন্তকারী সংস্থাটি নাকি তিন ক্রিকেটারকে লন্ডনে আবার জিজ্ঞাসাবাদ করবে।ওদিকে ভারতীয় একটি সংবাদপত্র দাবি করছে, তল্লাশির সময়ে সালমান বাটের রুমে প্রায় ৫০ হাজার পাউন্ডের মতো পাওয়া গেছে, যার মধ্যে পাউন্ড ছাড়াও দক্ষিণ আফ্রিকান র‌্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের দিরহামও ছিল। গোয়েন্দাদের তাৎক্ষণিক জিজ্ঞাসায় বাট দাবি করেছেন, এই অর্থ তিনি তাঁর বোনের বিয়ের কেনাকাটার জন্য সংগ্রহ করেছিলেন। এদিকে ব্রিটিশ শুল্ক বিভাগ স্পট ফিক্সিং তদন্তের অংশ হিসেবে গত পরশু আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে। নাম প্রকাশ না করা হলেও শুল্ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরে জামিনে ছেড়ে দেওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা। রয়টার্স, ওয়েবসাইট।