অনুশীলনে ফিরলেন মেসি

বার্সার জন্য সুখবর। সুখবর আর্জেন্টিনার জন্যও। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।
টানা চারবারের ফিফা বর্ষসেরার অনুশীলনে ফেরার সুখবরটা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা, ‘সেরে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেছেন মেসি। সোমবার তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন।’
গত সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে চোট পান মেসি। খেলা চলার সময়ই নিজের বাম হ্যামস্ট্রিংয়ে বারবার হাত বোলাচ্ছিলেন বার্সা মহাতারকা। দ্বিতীয়ার্ধে তাঁকে আর মাঠে নামাননি কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনো। শঙ্কাটা আরও ঘনীভূত হয় পরশু রাতে লা লিগায় মালাগার বিপক্ষে মেসি না খেলায়।
মেসি অবশ্য বেশ কিছুদিন ধরেই চোট সমস্যায় ভুগছেন। দুই সপ্তাহ আগে আর্জেন্টিনার হয়ে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি। এরপর বার্সার হয়ে দুটি ম্যাচে অংশ নিলেও কোনোটাতেই পুরো সময় খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। তবে আগামী ১০ সেপ্টেম্বর প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অধিনায়ক মেসিকে রেখেছেন কোচ আলেসান্দ্রো সাবেলা। বার্সার হয়ে অনুশীলনে ফেরাটা তাই আর্জেন্টিনার জন্য স্বস্তির।
বার্সা অবশ্য আগামীকালই মেসিকে মাঠে দেখতে চায়। স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে কাল অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। প্রথম লেগটা ১-১ গোলে ড্র হয়েছিল। সূত্র: রয়টার্স।