অনুশীলনে ফিরলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির চোট নিয়ে শঙ্কার মেঘ কাটল। আজ শনিবার অনুশীলনে ফিরেছেন বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টার। অনুশীলনে ফিরেছেন বার্সার মিডফিল্ডার সার্জিও বুসকেটসও। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় বার্সা জানায়, আজ শনিবার স্বাভাবিক অনুশীলন করেছেন লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস।গত ২ এপ্রিল রাতে চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। তিন সপ্তাহ মাঠের বাইরে কাটিয়ে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ফেরেন তিনি। কিন্তু ওই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি মেসি। বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা। মেসি গোলের দেখা পান অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। লা লিগার ওই খেলার দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যে একটি গোল করেন। এর দুই মিনিট পর আরেকটি গোল করতে বার্সাকে সহায়তাও করেন তিনি।গত বুধবার অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগটা ছিল বার্সার জন্য ‘অগ্নিপরীক্ষা’। এ পরীক্ষায় মেসি-জাদুর অপেক্ষায় ছিলেন বার্সার সমর্থকেরা। কিন্তু বায়ার্নের বিপক্ষে দলের প্রাণভোমরাকে মাঠে নামাননি ভিলানোভা। চোটগ্রস্ত মেসিকে খেলানোর ‘ঝুঁকি’টা নাকি একটু বেশিই হয়ে যাচ্ছিল। ভিলানোভা সেদিন ছিলেন নিরুপায়। মেসি একেবারেই ফিট ছিলেন না ওই ম্যাচ খেলার জন্য। গতকাল শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মেসি। ধারণা করা হচ্ছিল, কাল রোববার অনুষ্ঠেয় রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচেও খেলতে পারবেন না মেসি। সেই শঙ্কাটা আপাতত কাটল। মেসি অনুশীলনে ফিরেছেন। রিয়াল বেটিসের বিপক্ষে তিনি খেলবেন কি না, সেটা অবশ্য এখনো নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ।কুঁচকিতে চোট পেয়েছিলেন মিডফিল্ডার বুসকেটস। এ কারণে দ্বিতীয় লেগের ম্যাচে মেসির মতো খেলতে পারেননি তিনিও। ওই ম্যাচে বায়ার্নের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় বার্সা।