অনুশীলনে সেই ডি মারিয়া
অ্যাঙ্গেল ডি মারিয়ার বিশ্বকাপ শেষ—তাঁর এজেন্ট ইউজেনিও লোপেজই দিয়েছিলেন খবরটা। ঊরুর চোট পাওয়ার পর ডি মারিয়াই নাকি এজেন্টকে বলেছিলেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোয় আর খেলা হবে না তাঁর। কিন্তু দিন পাঁচেকের ব্যবধানে সেই ডি মারিয়া পরশু অনুশীলন করলেন দলের সঙ্গে। জেগে উঠেছে তাঁর আগামীকালের ফাইনালে খেলার আশাও।
গত ৫ জুলাই বেলজিয়ামের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলার সময় গোলে শট নিতে গিয়ে ঊরুতে চোট পান ডি মারিয়া। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ৩৩ মিনিটে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরপরই তাঁর এজেন্টের বরাত দিয়ে একাধিক পত্রপত্রিকার প্রতিবেদনে বলা হয়, ডি মারিয়ার বিশ্বকাপ শেষ। হল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে খেলতে পারেননি। চোট থেকে ফিরে পরশু প্রথম দিন হালকা অনুশীলন করেছেন। তবে ফাইনালের আগে শুক্র-শনি দুদিন হাতে থাকায় আর্জেন্টাইনরা আশাবাদী। আর্জেন্টিনা দলের মুখপাত্র আন্দ্রেস ভেন্তুরা বলেছেন, ‘ডি মারিয়া ৬০ থেকে ৮০ শতাংশ অনুশীলন করেছে। তার উন্নতিটা চোখে পড়ার মতো। সামনের দিন কটিতে তাকে পর্যবেক্ষণে রাখা হবে, সে ম্যাচ খেলার মতো ফিট হতে পারে কি না।’ আর ডি মারিয়ার তো ফাইনালে মাঠে নামার জন্য তর সইছে না, ‘রোববারের ম্যাচ খেলার মতো ফিট হতে আমি সবকিছুই করব।’
শেষ পর্যন্ত ডি মারিয়া খেলতে পারলে সেটা হবে আর্জেন্টিনার জন্য অনেক বড় এক স্বস্তির খবর। হল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে ডি মারিয়ার জায়গায় আর্জেন্টিনার শুরুর একাদশে ডাক পান এনজো পেরেজ। বেনফিকার ২৮ বছর বয়সী মিডফিল্ডার ভালোই করেছেন। দলও টাইব্রেকারে জিতে পা রেখেছে ফাইনালে। তার পরও ডি মারিয়া তো ডি মারিয়াই। তাঁর মতো একজনের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সেই ডি মারিয়াকে অনুশীলনে দেখে মেসিরাও নিশ্চয় খুব খুশি। রয়টার্স।