অনুশীলনেই সময় কাটছে মাশরাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কাল মোহালিতে ষষ্ঠ ম্যাচ খেলে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। অথচ এবারের আইপিএলে এখনো মাঠেই নামা হলো না বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজার! কাল টেলিফোনে মাশরাফির সঙ্গে কথা বলে অবশ্য এ নিয়ে কোনো ক্ষোভ খুঁজে পাওয়া যায়নি তাঁর কথায়।ক্ষোভ প্রকাশ করাটা মাশরাফির জন্য একটু কঠিনও। কেকেআরে গতবারের অভিজ্ঞতা থেকেই এসব নিয়ে এবার একটু বেশি সতর্ক থাকার কথা তাঁর। গতবার মাশরাফির চুক্তি নিয়ে টালবাহানা করেছিল কেকেআর, তাঁকে খেলানোও হয়েছিল মাত্র একটা ম্যাচ। এসব নিয়ে মিডিয়ায় টুকটাক কথা বলে পড়েছিলেন বিব্রতকর অবস্থায়। মাশরাফি ক্ষোভ প্রকাশ না করলেও পরিস্থিতি এবারও সে রকম। প্রথমবারে যে ২৩ ক্রিকেটারকে নিবন্ধন করেছে কেকেআর, তাঁদের মধ্যে নেই বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে এক আহমেদাবাদের ম্যাচ ছাড়া সব জায়গাতেই দলের সঙ্গে গেছেন তিনি।মাশরাফি অবশ্য যুক্তি দেখিয়েছেন, নিবন্ধন না করানোটা বড় সমস্যা নয়, ‘খেলার ৪৮ ঘণ্টা আগে নাম রেজিস্ট্রেশন করলেই হয়। কাজেই এটা কোনো সমস্যা না।’ তবে খেলার সেই সুযোগ কবে আসবে, সেটা নিশ্চিত করে বলতে পারছেন না বাংলাদেশের পেসার, ‘এখনো কিছু জানি না। আসলে আমরা শুরুর দিকের ম্যাচগুলো হেরে যাওয়ায় সমস্যা হয়েছে। সেমিফাইনালটা তাড়াতাড়ি নিশ্চিত হয়ে গেলে হয়তো আমার খেলার সুযোগ হতো। তারপরও দেখা যাক কী হয়।’খেলার সুযোগ না পেয়েও মাশরাফির হতাশ না হওয়ার আরেকটা কারণ কেকেআরের অনুশীলন সুবিধা, ‘আমার জন্য বেশি জরুরি ছিল অনুশীলনটা। যত বেশি অনুশীলন করব তত দ্রুত পুরো ফিটনেস ফিরে পাব। সেটা এখানে খুবই ভালো হচ্ছে। ফিজিও অ্যান্ড্রু লিপাসকে (ভারতীয় দলের সাবেক ফিজিও) আমি আমার সমস্যার কথা বিস্তারিত জানিয়েছি। প্রতিদিন যেসব ট্রেনিং করি সেসব উনিই ঠিক করে দিচ্ছেন।’কেকেআরে মাশরাফির জন্য ওয়াসিম আকরামের সান্নিধ্য একটা বড় আকর্ষণ ছিল। সাবেক পাকিস্তান অধিনায়ক ও ফাস্ট বোলার শাহরুখ খানের দলের বোলিং উপদেষ্টা। তাঁর কাছ থেকে টিপসের আশায় ছিলেন মাশরাফি। তবে কাল প্রসঙ্গটা তুললে টেলিফোনে হতাশই শোনাল তাঁর কণ্ঠ, ‘উনি (ওয়াসিম আকরাম) তো এখন আর এখানে নেই, পাকিস্তান চলে গেছেন। দলের সঙ্গে থাকার সময় টুকটাক কথা বলেছি, তবে সেভাবে টিপস নেওয়া হয়নি। আসলে অনেক বোলার তো...সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময়ও নেই।’খেলার সুযোগ পাচ্ছেন না, ওয়াসিম আকরামও একরকম হাতছাড়া। এবারের আইপিএলে কি তাহলে শুধু অনুশীলন করেই সন্তুষ্ট থাকতে হবে মাশরাফিকে?