অনুশোচনা নেই ব্রডের
স্টুয়ার্ট ব্রডের ‘ওয়াক’ করা না-করা নিয়ে কম জল ঘোলা হয়নি। গত অ্যাশেজে ট্রেন্ট ব্রিজ টেস্টে স্লিপে পরিষ্কার ক্যাচ দিয়েও আম্পায়ারের সৌজন্যে বেঁচে গিয়েছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। কেন নিজ থেকে ক্রিজ ছাড়লেন না—এই প্রশ্ন তুলে ব্রডের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনেকে। অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান তো অস্ট্রেলীয় সমর্থকদের ফিরতি অ্যাশেজে ‘নির্লজ্জ প্রতারক’ ব্রডকে ত্যক্ত-বিরক্ত করার পরামর্শ দিয়ে জরিমানাও গুনেছিলেন।
সেই ব্রড এখন দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। সেখানেই আরেকটি অ্যাশেজের আগে ব্যাখ্যা করলেন কেন তিনি সেদিন হাঁটা দেননি। বিবিসি রেডিও ফাইভে সরাসরি প্রচারিত এক অনুষ্ঠানে কাল ব্রড বললেন ওই ঘটনা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর, ‘আমার কোনো অনুশোচনা নেই। সত্যি বলছি আমি যদি আর কটা রান যোগ না করতাম ম্যাচটা আমরা হারতেও পারতাম। আর আমি যেহেতু কখনোই হাঁটা দিই না, তাই আম্পায়ার আউট না দিলে আমি কেন যাব?’
মাইকেল ভনের নেওয়া ওই সাক্ষাৎকারেই ব্রড আরও জানিয়েছেন, অ্যাশেজ খেলেছেন এমন ১৮-১৯ জনের নাম তিনি বলতে পারবেন যাঁরা ক্যাচ দিয়ে কখনোই ক্রিজ ছেড়ে চলে যান না। ওয়েবসাইট।