অনুষ্ঠান বর্জনের ইঙ্গিত পিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি জানিয়ে দিয়েছে, সাঈদ আজমলের নাম নতুন করে বর্ষসেরা ক্রিকেটারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অনুরোধ প্রত্যাখ্যান হওয়ায় চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জনের ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ গতকাল বৃহস্পতিবার লাহোরে সাংবাদিকদের জানান, পিসিবি এখনো অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়নি। তবে আজমলের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে শেষ পর্যন্ত অনুষ্ঠান বর্জনের সম্ভাবনা আছে। পাকিস্তান অবজারভারের খবরে এ কথা বলা হয়েছে।আজমলকে তালিকায় না রাখা ‘অন্যায্য’ উল্লেখ করে আশরাফ বলেন, ‘আজমলকে বাদ দেওয়ায় আরেকটি জোরালো প্রতিবাদ পাঠিয়েছি আমরা। আশা করছি, এই অন্যায্য সিদ্ধান্তে পরিবর্তন আসবে। গোটা বিশ্ব একমত হবে, এ মুহূর্তে আজমল বিশ্বের সেরা স্পিনার। পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম থাকা উচিত ছিল।’পিসিবির এই কড়া অবস্থান অযৌক্তিক নয়। যে ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় তালিকাটা করা হয়েছে, ওই সময়ে টেস্টে ৭২ উইকেট শিকার করেছেন আজমল। গত সপ্তাহে প্রকাশিত তালিকায় তাঁর নাম না থাকাটা সবার কাছে বিস্ময়কর ছিল। আজমলকে না রাখার ঘটনায় নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে আইসিসির কাছে প্রতিবাদ পাঠায় পিসিবি। একই সঙ্গে ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের নাম নতুন করে অন্তর্ভুক্তির অনুরোধও জানানো হয়।পিসিবির অনুরোধ প্রত্যাখ্যান করে আইসিসির একজন মুখপাত্র গত বুধবার ইএসপিএন-ক্রিকইনফোর কাছে দাবি করেন, বিচারকমণ্ডলীরা স্বাধীনভাবে তালিকাটা তৈরি করেছেন। তাঁরাই আজমলকে অন্তর্ভুক্ত করেননি। তালিকায় পরিবর্তন আনার এখতিয়ার আইসিসির নেই।আইসিসির ওই মুখপাত্র আরও জানান, ক্রিকেটার নির্বাচন প্যানেলের নেতৃত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড। এ বছর তাঁর সঙ্গে কাজ করেছেন ক্লেয়ার কনর (ইংল্যান্ড), টম মুডি (অস্ট্রেলিয়া), কার্ল হুপার (ওয়েস্ট ইন্ডিজ) ও মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)। নির্বাচকদের কাজ দেখভাল করেছে আর্নস্ট অ্যান্ড ইয়াং নামের একটি প্রতিষ্ঠান। সবাই স্বাধীনভাবে কাজ করেছেন। এখানে আইসিসির কোনো হাত নেই।