অনুষ্ঠানমালায় এশিয়ান গেমসকে বার্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে গেলেই পাওয়া যাচ্ছে উত্তাপ। স্টেডিয়ামের ভেতরে হাজার হাজার ছেলেমেয়ের মহড়ায় গোটা পরিবেশটা দিন-দিন হয়ে উঠছে উত্সবমুখর। দক্ষিণ এশীয় গেমস যে দুয়ারে দাঁড়িয়ে।দেশের মাটিতে গেমস, আকর্ষণীয় উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান করে সবাইকে মুগ্ধ করে দিতে হবে—এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কাল বিওএ ভবনে উদ্বোধনী ও সমাপনীর প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যখন জানাচ্ছিলেন আয়োজনবিষয়ক কমিটির প্রধান মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী (অব.), ঢিলছোড়া দূরত্বে তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে ওটারই নিবিড় অনুশীলন।১৯৮৫ ও ১৯৯৩ সালে ঢাকায় আয়োজিত দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ছিল মনকাড়া। এবারের অনুষ্ঠান আগের চেয়েও আকর্ষণীয় করতে চায় ঢাকা। প্রস্তুতির ব্যাপারে সন্তুষ্ট আমিন আহমদ, ‘এত অল্প সময়ে এমন বড় আয়োজন সারতে পারব ভাবিনি। আশা করছি, গত দুবারের চেয়ে অনেক ভালো অনুষ্ঠান হবে। প্রস্তুতি প্রায় ৮০-৯০ শতাংশ শেষ, ২৫ জানুয়ারির মধ্যে বাকি কাজগুলোও শেষ হয়ে যাবে।’এসএ গেমসের সফল আয়োজন ভবিষ্যতের ‘সঞ্চয়’ হয়ে থাকবে বলে মনে করছে বাংলাদেশ। আমিন আহমদ যেমন বললেন, ‘কখনো বাংলাদেশ এশিয়ান গেমস করতে চাইলে কেউ যেন বলতে না পারে বাংলাদেশের আয়োজন খারাপ। তাই নির্ভুল অনুষ্ঠান করতে চাই আমরা।’উদ্বোধনী আয়োজন ৬৫ মিনিটের, যাতে থাকবে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রদর্শনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ, গীতি-আলেখ্য, সংগীত ও কোরিওগ্রাফির সঙ্গে লোকজ এবং আধুনিক যন্ত্রসংগীত পরিবেশনা।তবে সবচেয়ে আকর্ষণীয় পর্বটির কথা এখনো বলা হয়নি—প্রায় চল্লিশ মিনিটের অ্যাকুয়াটিক শো। পানির ফোয়ারার মধ্যে নাচ-গান...যেটির তত্ত্বাবধানে থাকা শিল্পী শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে বললেন, ‘খুব ভালো একটা অনুষ্ঠান উপহার দিতে চাই।’শ্রীলঙ্কার ‘অ্যাডামস পিক’ থেকে গেমসের মশাল আসছে পরশু। মেঘনা ঘাট থেকে ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে যাত্রা করবে মশাল। ওই অনুষ্ঠানে থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় অ্যাথলেট বশির আহমেদ ও লুত্ফুন্নেসা বকুলের হাতে মশাল তুলে দেওয়া হবে।