শেষ মুহূর্তে আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জনের মতো কঠোর অবস্থান থেকে সরে এল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি নিশ্চিত করেছে, আজ শনিবার রাতে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবে পাকিস্তান। তবে অনুষ্ঠানে পিসিবির কোনো কর্মকর্তা উপস্থিত থাকবেন না।পিসিবির একজন মুখপাত্র পাকিস্তানি দৈনিক ‘ডন’কে গতকাল শুক্রবার বলেন, ‘আজমলকে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় না রাখায় আমরা এখনো প্রতিবাদ জানাচ্ছি। তবে অনুষ্ঠান বর্জন করছি না। দলের কয়েকজন ক্রিকেটারকে পাঠাব আমরা। তবে কোনো কর্মকর্তা এতে অংশ নেবেন না।’এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বা বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কোনো তালিকায়ই মনোনয়ন পাননি সাঈদ আজমল। অথচ যে ১২ মাসের পারফরম্যান্স বিবেচনায় তালিকা করা হয়েছে, ওই সময়ে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১২০টি উইকেট শিকার করেছেন আজমল। টেস্টেও তাঁর শিকার সর্বোচ্চ ৭২টি উইকেট। আজমলকে মনোনীতদের তালিকায় না রাখায় আইসিসির কাছে লিখিত প্রতিবাদ জানায় পিসিবি। একই সঙ্গে ৩৪ বছর বয়সী এই স্পিনারের নাম নতুন করে অন্তর্ভুক্তির অনুরোধও জানানো হয়। তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, এই তালিকায় পরিবর্তন আনার এখতিয়ার আইসিসির নেই। বিচারকমণ্ডলী স্বাধীনভাবে তালিকাটা তৈরি করেছেন। আর এটাই চূড়ান্ত।গণমাধ্যমে বলা হচ্ছিল, আজমলের নাম শেষ পর্যন্ত তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করতে পারে পিসিবি। পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফও গত সপ্তাহে একই ইঙ্গিত দিয়েছিলেন। দুবাইয়ে পাকিস্তান দলের একটি অনুষ্ঠানে পিসিবির প্রধান বলেন, ‘পিসিবি এখনো অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেয়নি। এটা কঠোর পদক্ষেপ হতে পারে। আমরা খুব চাপের মধ্যে আছি। আজমলের সমর্থনে পাকিস্তানে বিক্ষোভ চলছে। পাকিস্তানি সমর্থকদের এই মনোভাবের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। পাকিস্তানের পার্লামেন্টে ব্যাপারটা তোলা হয়েছে। এ নিয়ে জোর বিতর্ক চলছে। আমি জানি না, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে।’