অনূর্ধ্ব-১৫ ম্যাচ ড্র
তিন দিনের ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ হতে হতেই তৃতীয় দিন সকাল। ফলাফল যা হওয়ার তাই হলো। কাল বিকেএসপির ২ নম্বর মাঠে সিএবি অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের প্রথম তিন দিনের ম্যাচটা হলো ড্র।প্রথম ইনিংসে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। ওপেনার ওমর ফারুক ৪২ আর ওয়ানডাউন ব্যাটসম্যান আসাদুর রহমান ৪৩ করলেও বাকিদের মধ্যে ২০ রানও করতে পারেনি কেউ। অন্যদিকে ওপেনার শুভ্রজিৎ দাসের সেঞ্চুরির সৌজন্যে সফরকারীদের প্রথম ইনিংসটা লম্বাই হলো। ৩৪৫ মিনিট উইকেটে থেকে ২৬২ বলে ১২৩ রান করেছে শুভ্রজিৎ। বাকিদের মধ্যে ইরফান আনসারির ৩০-ই সর্বোচ্চ।দ্বিতীয় দিন শেষে সিএবি দলের স্কোর ছিল ৭ উইকেটে ২৩৯। কাল আরও ২ উইকেট হারিয়ে রানটাকে ২৮৩-তে নিয়ে ইনিংস ঘোষণা করে তারা। দ্বিতীয় ইনিংসে ফারুক (২৫) ও ফাহিমের (৪৬) ৫০ রানের ওপেনিং জুটির পরও ৯৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫। ষষ্ঠ উইকেটে জালালউদ্দিন ও অধিনায়ক রাব্বি হাসানের অবিচ্ছিন্ন ৫৭ রানের জুটি সামাল দিয়েছে এই বিপর্যয়। জালাল ২৯ ও রাব্বি ২৫ রানে অপরাজিত ছিল।খুলনায় দুই দলের দ্বিতীয় তিন দিনের ম্যাচটি শুরু হবে ১৬ মে।