অনূর্ধ্ব-১৬ হকিতে একই দিনে বাংলাদেশের দুই জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে শেষ হওয়া ওয়ার্ল্ড হকি লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। অল্পের জন্য পরবর্তী রাউন্ডে উঠতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করে দেশের ক্রীড়াঙ্গনকে আনন্দে মাতিয়েছিলেন জিমি-চয়নরা।এখন হকিতে আরও বড় সাফল্যের আশাও করা যেতে পারে। কারণ, এবার ছোটরাও হাঁটতে শুরু করেছে বড়দের পথে। আজ অনূর্ধ্ব-১৬ এশিয়া কাপ প্রতিযোগিতায় বাংলাদেশ একই দিনে পেয়েছে দুটি বড় জয়।প্রথম ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারিয়েছে ৭-২ গোলের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ পেয়েছে ৬-৩ গোলের জয়। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নাইম ও ইমন। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ইমন গোল করেছে দুটি এবং নাইম একটি। দ্বিতীয় ম্যাচে নাইম দুটি ও ইমন চারটি গোল করে। এ ছাড়া প্রথম ম্যাচে বাকি গোলগুলো করেছে সাগর, বাবু ও রাকিন।সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে হকিতে আরও বড় সাফল্য অর্জনের পথে অনেকখানি এগিয়ে যাবে বাংলাদেশ। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান। অনূর্ধ্ব-১৬ এশিয়া হকি কাপের শীর্ষ দুই দল যুব অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে এই যুব অলিম্পিক।