অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইল ছবি ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ফাইল ছবি ।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ২০৩ রান। ৪৮.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কান যুবারা।

গত ম্যাচের মতো এদিনও নাজমুল হোসেন শান্তর ব্যাট হেসে ওঠে। শান্ত তুলে নেন টুর্নামেন্টে তাঁর টানা দ্বিতীয় অর্ধশতক। তিনি করেন ৬২। এ ছাড়া মোসাদ্দেক হোসেনের ৩২ ও ইয়াসির আলীর ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৬ উইকেটে করে ২০৩। উইকেট হাতে থাকতেও কেন এমন মন্থর গতিতে রান উঠল, সে এক প্রশ্ন বটে। বাংলাদেশ ওভার প্রতি তুলেছে ৪.০৬ রান করে।

স্কোর বোর্ডে কোন রান যোগ না হতেই শ্রীলঙ্কার ওপেনার সামারাবিক্রামাকে বোল্ড করেন আবু হায়দার। ২৫ রানের মাথায় আরেক ওপেনার ডুমেন্ডুকে রান আউট করে সাজঘরের রাস্তা ধরান জাকির হাসান। এরপরেই উইকেটে দাঁড়িয়ে যান লঙ্কান অনূর্ধ্ব-১৯ অধিনায়ক কুসাল মেন্ডিস ও পেরেরা।

মূলত এ দুই লঙ্কান তরুণের কাছেই হেরেছে বাংলাদেশের যুবারা। মেন্ডিস তুলে নেন অসাধারণ এক শতক। ১০০ রান করা মেন্ডিসকে যখন নিহাদুজ্জামান ফেরান, তখনোও কিছুটা সুযোগ ছিল বাংলাদেশের। শ্রীলঙ্কার তখন দরকার ৩৭ বলে ১৬, হাতে উইকেট ৩টি। ১৯৮ রানে ৮ উইকেট যাওয়ার পরও বাংলাদেশের আশায় বসতি। অবশ্য তখনো গলার কাটা হয়ে বিঁধে ছিল পেরেরা। ৬২ রানে অপরাজিত থেকে ৪৮.১ ওভারে বাংলাদেশের জয়ের স্বপ্নকে কবর দিয়ে দুই উইকেটের জয় তুলে তবেই সাজঘরে ফেরেন পেরেরা।

প্রথম দুই ম্যাচ জিতেও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।