অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প আজ থেকে
আগামী বছর ফেব্রুয়ারিতে বিশ্বকাপ। তার আগে দেশে এবং দেশের বাইরে মিলিয়ে খেলার কথা গোটা পাঁচেক টুর্নামেন্ট আর সিরিজ। ব্যস্ত এই সময়টা সামনে রেখে আজ মিরপুরের একাডেমি মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প।২৪ ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠেয় ক্যাম্পটি পরিচালনা করবেন বিসিবি একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্স। সঙ্গে থাকবেন বিসিবির গেম ডেভেলপমেন্টের অন্য কোচরাও। কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব নিবেন ডেভিড মুর। ম্যাকিন্সের মাধ্যমে যোগাযোগ করে তাঁর হাতে বাংলাদেশের যুবাদের দায়িত্ব তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল বিসিবি। কিন্তু কাল জানা গেল, ডেভিড মুর বাংলাদেশে আসছেন না। বিসিবিকে চরম বিস্ময় উপহার দিয়ে অন্যত্র চাকরি নিয়ে নিয়েছেন এই অস্ট্রেলিয়ান কোচ!যুব বিশ্বকাপের আগের মাস, মানে ২০১৪ সালের জানুয়ারিতে এসিসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশের যুবারা। তার আগে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আসবে বাংলাদেশে। এরপর জুলাই ও অক্টোবরে বাংলাদেশের ছেলেদের যাওয়ার কথা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের।এসবের বাইরে আগামী আগস্টে সিঙ্গাপুরে এসিসির আয়োজনে উদীয়মান ক্রিকেটারদের একটা টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অনূর্ধ্ব-১৯ দলের কোনো কোনো খেলোয়াড়কেও দেখা যেতে পারে এই দলে। ১৫ থেকে ২৬ আগস্ট অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তরুণেরা ছাড়াও খেলবে আইসিসির চার সহযোগী দেশ আফগানিস্তান, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক সিঙ্গাপুরের অনূর্ধ্ব-২৩ দল।