অনূর্ধ্ব-১৯ দলের বিদায়
ফাইনালে উঠতে হলে জিততেই হবে। হারাতে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। এই সমীকরণ নিয়ে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে কালও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যার খেসারত দিতে হলো ম্যাচ হেরে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে। উস্টারের কাউন্টি গ্রাউন্ডে ১৯৮ রানে অলআউট হয়ে যান বাংলাদেশের তরুণেরা।
রায়ান হিগিন্সের অপরাজিত ১১২ ও জোনাথন ট্যাটারসলের অপরাজিত ৭৩ রানে ইংলিশরা জিতে যায় ৯ উইকেটে।
টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫ রানেই হারায় ৩ উইকেট। সেখান থেকে দলকে ৭০ রানে নিয়ে যান মেহেদী হাসান (২৯) ও নাজমুল হাসান (৩৩)। এরপর আরেকটি ধস, ১২৫ রানে সপ্তম উইকেট পড়ার পর জয়রাজ শেখ (৪৭), রাহাতুল ফেরদৌস (২২) ও রিফাত প্রধানের (২২) দৃঢ়তায় ১৯৮ রান পর্যন্ত যেতে পারে দলটি। কিন্তু ওই পুঁজিতে লড়াইটাও করতে পারলেন না বোলাররা। প্রথম দুই ম্যাচে তিন পয়েন্ট পাওয়ার পর টানা চার ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ করল তলানিতে থেকে। তথ্যসূত্র: ক্রিকইনফো।