অনূর্ধ্ব-১৯ দলের রুদ্ধশ্বাস জয়
৭ বলে দরকার ২ রান। হাতে ৫ উইকেট। ৯৮ রান নিয়ে অধিনায়ক মোসাদ্দেক হোসেন তখনো উইকেটে। অনায়াস জয়ই ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হাতের মুঠোয়। বাংলাদেশ জিতেছেও। তবে শেষ বলে ১ উইকেটের রুদ্ধশ্বাস সেই জয়ের আগে ১ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ছুড়ে দিয়েছিল ২৭৮ রানের চ্যালেঞ্জ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিশাল এই লক্ষ্য তাড়া করতে নেমে ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জয়রাজ শেখ ও মোসাদ্দেক হোসেন চতুর্থ উইকেটে গড়েন ১২৬ রানের জুটি। ৭৪ রান করে জয়রাজ আউট হলেও দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন মোসাদ্দেক। কিন্তু জয় থেকে মাত্র ২ রান দূরে মোসাদ্দেক আউট হতেই ওই উইকেট পতন নাটক। ২৭৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ফেললে সমীকরণটা দাঁড়ায় এমন, ১ বলে ১ রান। দলের জয়ের নায়ক একজন পেসার। ৪ মেরে শঙ্কার মেঘ উড়িয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। দলের জয় তো আছেই, ২ রানের জন্য অধিনায়ক মোসাদ্দেকের সেঞ্চুরি মিসের হতাশা হয়তো মুছে গেছে ম্যাচসেরার পুরস্কারেও।এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১-এ এগিয়ে গেল বাংলাদেশ যুবদল। সিরিজও নিশ্চিত করে ফেলার সুযোগ মোসাদ্দেকের দল পেয়ে যাচ্ছে আজই। চতুর্থ ম্যাচটি আজ।