অনূর্ধ্ব-১৯ দলের সহজ জয়
মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েই এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কাল আবুধাবিতে মালয়েশিয়াকে ৫০ রানে অলআউট করে ৩৯.৪ ওভার হাতে রেখে বাংলাদেশের যুবারা জিতেছে ৯ উইকেটে। টস জিতে ব্যাটিং নেওয়া মালয়েশিয়া টিকতেই পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দুই বাঁহাতি পেসার আবু হায়দার ও মুস্তাফিজুর রহমানের সামনে, অলআউট হয়েছে ২৫.২ ওভারে।
জাতীয় লিগে ঢাকা মহানগরের হয়ে তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা হায়দার ৮ ওভারে ৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। দশম ও দ্বাদশ ওভারে দুদুবার তিন বলের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এই পেসার। ১৭ রানে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ, তাঁরও উইকেট দুটি একই ওভারে নেওয়া। এ ছাড়া লেগ স্পিনার জুবায়ের ৭ রানে ২টি ও বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামান ১০ রানে ১ উইকেট নিয়েছেন।
ওপেনার জাকির হাসানকে (১৪) হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয় তুলে নেয় ১০.২ ওভারেই। সাদমান ইসলাম ২৫ ও জয়রাজ শেখ ১০ রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।