অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ জয়

হারের বৃত্ত থেকে বেরিয়ে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গায়ানায় গতকাল সিরিজ নিষ্পত্তির ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে ৬৭ রানে হারান বাংলাদেশের যুবারা।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ১০১ করতেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। সাত ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নেয় ৪-৩-এ।
বাংলাদেশের শুরুটা ভালো ছিল। ক্যারিবীয় বোলারদের বেশ চাপে রাখেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও জয়রাজ শেখের সংগ্রহ যথাক্রমে ৪৮ ও ২৬ রান। জসিমউদ্দিন করেন ৩৩ রান। মিডল অর্ডারে নেমে অধিনায়ক মেহেদি হাসান ২৮ ও ইয়াসির আলী ২০ রান করেন। শেষের দিকে দ্রুত উইকেট না পড়লে দলীয় সংগ্রহটা আরও বড় হতে পারত। মাত্র দুই রানের ব্যবধানে শেষ চারটি উইকেট হারায় বাংলাদেশ। ১৬৭ রানে সপ্তম উইকেটের পতন আর ১৬৮ রানে (৪৪ ওভার) ইনিংস শেষ! ক্যারিবীয়দের হয়ে ২৩ রান দিয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেন মিডিয়াম পেসার জেরোম জোনস।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। বাংলাদেশি স্পিনারদের সামনে অসহায়ত্ব প্রকাশ করে ৩৩.৫ ওভারেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। বাংলাদেশের সফলতম বোলার নিহাদুজ্জামান। মাত্র ১২ রান খরচায় পাঁচটি উইকেট তুলে নেন রাজশাহীর এই বাঁ-হাতি স্পিনার। ২৫ রান দিয়ে চারটি উইকেট নেন খুলনার অফস্পিনার মেহেদি হাসান।