অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক আনামুল
এশিয়া কাপে বিপর্যয়ের ছাপ ভালোই পড়ল বিশ্বকাপের অনূর্ধ্ব-১৯ দলে। গতকাল ঘোষিত বিশ্বকাপ দলে পরিবর্তন হয়েছে চারটি। পরিবর্তন হয়েছে অধিনায়ক পদেও। আসিফ আহমেদের বদলে অধিনায়ক হয়েছেন আনামুল হক। আনামুল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্যাম্পে ডাক পেলেও পরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলে যান। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন আসলাম হোসেন, ফায়জুর রহমান, জসীম উদ্দিন ও তৌহিদ তারিক। তবে চারজনই আছেন স্ট্যান্ড বাই তালিকায়। আনামুল ছাড়া নতুন ঢুকেছেন আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস। এশিয়া কাপে বাংলাদেশ কাতারের বিপক্ষে বড় জয় পাওয়ার পর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়।অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ আগস্ট থেকে। প্রথম দিনেই বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়া রওনা হবে ২৭ জুলাই। এর আগে ১৭, ১৮ ও ২০ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবি আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে সীমিত ওভারের তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে।চূড়ান্ত দলের ১৫ জন খেলোয়াড়কে আজ বিকেল পাঁচটায় বিসিবি একাডেমি মাঠে কোচ সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল: আনামুল হক (অধিনায়ক), কাজী নুরুল হাসান (সহ-অধিনায়ক), আসিফ আহমেদ, সৌম্য সরকার, সালমান হোসেন, আল আমিন, নূর হোসেন, মোসাদ্দেক হোসেন, নাঈম ইসলাম, নাসুম আহমেদ, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, দেওয়ান সাব্বির আহমেদ, আবু হায়দার ও লিটন কুমার দাস।স্ট্যান্ড বাই: আসিফ হাসান, আসলাম হোসেন, তৌহিদ তারিক, জসীম উদ্দিন, ফায়জুর রহমান ও ইয়াসির আলী চৌধুরী।