অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের জয়রথ ছুটছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক (বামে) ব্যাট হাতে ৭০ করার পর বল হাতে নিলেন ৩ উইকেট। সাদমানের(ডানে)ব্যাট হেসে উঠল আজও। ফাইল ছবি।
মোসাদ্দেক (বামে) ব্যাট হাতে ৭০ করার পর বল হাতে নিলেন ৩ উইকেট। সাদমানের(ডানে)ব্যাট হেসে উঠল আজও। ফাইল ছবি।

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ভালো খেলছে বড়রা। ওদিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলও যেন কোন অংশে কম যায় না! প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি নিয়ে আজ আবুধাবির শেখ জায়েদ ওভাল-১-এ যুবারা নামিবিয়াকে হারিয়েছে ৫২ রানে।

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন যুবা অধিনায়ক মেহেদি হাসান। গত ম্যাচের সেঞ্চুরিয়ান সাদমান ইসলামের ব্যাট হেসে উঠেছে আজও। গত দিনের সফল দুই ওপেনার সাদমান-জয়রাজ শেখ এদিন ১৩.৪ ওভারে তোলেন ৫৫। ওয়েসেলসের শিকার হওয়ার আগে জয়রাজ করেন ২২। এরাসমাসের শিকার হওয়ার আগে সাদমানের সংগ্রহ ৬৫। সাদমান ফিরলেও ধারাবাহিক পারফরম্যান্সের দৃষ্টান্ত অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ঠিক সময়ে দাঁড়িয়ে যান উইকেটে। মোসাদ্দেকের অপরাজিত ৭০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৩৩।২৩৪ রানের লক্ষ্য নিয়ে নামিবিয়া হোঁচট খায় শুরুতেই।

২৮.৪ ওভারে ৮৬ রানে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাওয়া হয়ে যায় প্রথম ৪ উইকেট। যুবাদের বোলিং দাপটে নামিবিয়ার খুঁড়িয়ে চলা ইনিংস থামে ১৮১ রানে। হারতে হয় ৫২ রানে। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৪০ করেন ওপেনার জান্ডার পিচারস। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক—দুজনই পান সর্বোচ্চ ৩টি করে উইকেট।

ওদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ-সঙ্গী শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং করতে নেমে মুহাম্মদ মুজতাবার ৭৫, ইহসানউল্লাহর ৬৩ ও হাসমতউল্লাহ শাহিদির ৫৭ রানের সুবাদে ৪৯.২ ওভারে ২৫৩ রান তুলে অলআউট হয় আফগান যুবারা। জবাবে আফগানিস্তানের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া অলআউট হয় ২১৭ রানে। হারতে হয় ৩৬ রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৪ রান করেন জেমস ব্যাজলি। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন আবদুল্লাহ আদিল।

গ্রুপ পর্বে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। ২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান অস্ট্রেলিয়ার। সমান পয়েন্ট নিয়ে আফগানিস্তানের অবস্থান তিনে। আর সবার নিচে রয়েছে নামিবিয়া।