অনেক অপেক্ষার ক্রীড়া পুরস্কার
ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানটা গোটা ক্রীড়াঙ্গনকেই নিয়ে আসে এক ছাতার নিচে। ব্যতিক্রম হয়নি কালও। ওসমানী স্মৃতি মিলনায়তন ভরে উঠেছিল ক্রীড়াবিদ, সংগঠকদের পদভারে। এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ জন খেলোয়াড়-সংগঠকের হাতে তুলে দিলেন ২০০৮ ও ২০০৯ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার।যথারীতি ভাবগাম্ভীর্য থাকল এই অনুষ্ঠানে। ক্রীড়াসচিব মাহবুব আহমেদের স্বাগত বক্তব্যের পর ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বক্তব্য দিলেন। তারপর পুরস্কার প্রদান ও ফটোসেশন। ক্রীড়ামন্ত্রীর বক্তব্যের পর শিল্পকলা একাডেমীর পরিবেশনায় ১৫ মিনিটের উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যে এসেছে এই সরকারের ক্রীড়া-সাফল্যের বর্ণনা। তবে সাফল্যের খতিয়ানে গত এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক অর্জনের ব্যাপারটাই বাদ পড়ে গেছে।বর্তমান সরকারের সময় এটিই প্রথম ক্রীড়া পুরস্কার প্রদান। তবে ২০০৮ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় থাকা সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের নাম বাদ পড়েছে। সরকার রাজনৈতিক সমালোচনা এড়াতেই এই কৌশল নিয়েছে বলে অনেকের অনুমান। কেন তিনি বাদ সেই ব্যাখ্যাও পাওয়া গেল না। পুরস্কারপ্রাপ্তদের অনেকেই এখন জীবনসায়াহ্নে। তাঁদের জীবনী আজকের প্রজন্মকে জানতে হয় ক্রীড়া মন্ত্রণালয়ের তৈরি করা বুলেটিনে। তা-ও ভালো যে দেরিতে হলেও তাঁরা পুরস্কার পেয়েছেন। দুই ভরির সোনার পদক, সার্টিফিকেট ও ২০ হাজার টাকা প্রতীকী ব্যাপার, তার চেয়ে অনেক বড় স্বীকৃতিটা।সেটি পেয়ে ৭৩-এ পা রাখা সাবেক ভলিবল খেলোয়াড় খন্দকার আবুল হাসান বললেন, ‘২৫ বছর আগেই এই পুরস্কার আশা করেছিলাম। অবশেষে জীবদ্দশায় পেয়ে সান্ত্বনা অন্তত পেলাম।’ ৭১ বছরের সাবেক ক্রিকেটার সৈয়দ আবদুল মজিদ পুরস্কার পাওয়ার আনন্দে আপ্লুত, ‘এই পুরস্কার আমার প্রাপ্যই ছিল।’ফুটবল ছেড়েছেন প্রায় ২৫ বছর আগে। এখন ক্রিকেট কর্মকর্তা হিসেবে পরিচিত দেওয়ান শফিউল আরেফিন পুরস্কার নিয়ে একটু যেন বিব্রত, ‘সেই কবে খেলা ছেড়েছি। তাই পুরস্কার নিয়ে একটু বিব্রত লাগছিল। খেলোয়াড় ও সংগঠক হিসেবে একই সঙ্গে পাওয়াটাকে গ্রহণযোগ্য মনে হচ্ছে। তবে অনেকেই এখনো পাননি, যেমন ইউসুফ ভাই (আবু ইউসুফ)।’বছর চারেক পর জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান, গত দুই বছরের পুরস্কার ঘোষণাই হয়নি, আজও নেই কোনো সুনির্দিষ্ট মানদণ্ড। ব্যাপারটা মনে করিয়ে দিলে আরেক পুরস্কার বিজয়ী সাবেক ফুটবলার বাদল রায় বললেন, ‘অবশ্যই একটা মানদণ্ড এবং ধারাবাহিকতা থাকা উচিত।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘বঙ্গবন্ধু কন্যার হাত থেকে পুরস্কার নিতে পেরে দারুণ লাগছে।’বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান বললেন, ‘আমি ভাগ্যবান, একটু আগেই পুরস্কারটা পেয়েছি। একটা নিরপেক্ষ ও ভালো জুরি বোর্ডের মাধ্যমে পুরস্কারটা দিলে ভালো হবে। পুরস্কার শুধু সার্টিফিকেটেই যেন শেষ না হয়।’ পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত সাবেক অ্যাথলেট হামিদা বেগমের ক্ষোভও আছে, ‘অনেকেই আজও পুরস্কারটা পেল না।’ পুরস্কারপ্রাপ্ত সাবেক ভলিবল খেলোয়াড় মোস্তফা কামালের আফসোস, ‘মন্ত্রণালয়ের দেওয়া বুলেটিনে আমার অনেক ভালো ভালো অর্জনই তুলে ধরা হয়নি।’এই মঞ্চে কেন, কোথাও ছিলেন না শামীম আরা টলি। বাংলাদেশের প্রথম দ্রুততম মানবী কিডনি রোগে ভুগে অন্যলোকে পাড়ি জমিয়েছেন গত বছর। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী, ঠিক এক দিন আগে তাঁর স্বামী নিয়েছেন পুরস্কারটা। পুরস্কার নিতে আসা এক পা হারানো কাবাডি দলের সাবেক অধিনায়ক জাহাঙ্গীর আলম চৌধুরীর জীবনে এটি স্মরণীয় দিন। স্মরণীয় আসলে সবার কাছেই।পুরস্কৃত যাঁরা২০০৮ সুনীল কৃষ্ণ দে (ফুটবল), লে. (অব.) মোহাম্মদ আমজাদ হোসেন (অ্যাথলেটিকস), সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) লুৎফর রহমান (সাঁতার), ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকাত হোসেন (শরীরগঠন), সাইদুল হক সাদী (টেবিল টেনিস), মোহাম্মদ রুহুল আমিন (ভারোত্তোলন), খন্দকার আবুল হাসান (ভলিবল), সৈয়দ আবদুল মজিদ (ক্রিকেট) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (কাবাডি)।২০০৯ দেওয়ান শফিউল আরেফিন (ফুটবল ও সংগঠক), বাদল রায় (ফুটবল), নাঈমুর রহমান (ক্রিকেট), সামছুল আলম মঞ্জু (ফুটবল), অঞ্জন চৌধুরী পিন্টু (সংগঠক), শাহেদ আসগর চৌধুরী (সংগঠক), হামিদা বেগম (অ্যাথলেটিকস ও সংগঠক), শামীম আরা টলি (প্রয়াত, অ্যাথলেটিকস), মোহাম্মদ মহসিন (হকি), মোস্তফা কামাল (ভারোত্তোলন)।