অনেক অসংগতির এক দল
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো সম্মেলনকক্ষে অনুশীলনে ব্যস্ত ভারোত্তোলক হামিদুল ইসলাম, বিদ্যুৎ কুমার, ফাহিমা আক্তার (ময়না), মোল্লা সাবিরা সুলতানারা। একই সঙ্গে অনুশীলন করছিলেন আরেক ভারোত্তোলক মনোরঞ্জন রায়ও। অন্যদের চেয়ে তাঁর মুখটাই একটু বেশি মলিন দেখাল। আগামী ১২ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠেয় এশিয়ান গেমসের চূড়ান্ত দলে নাম নেই এসএ গেমসের রুপাজয়ী এই ভারোত্তোলকের। অথচ সদ্য শেষ হওয়া দিল্লি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলকদের মধ্যে তাঁর পারফরম্যান্সই সবচেয়ে ভালো। ৬৯ কেজি ওজন-শ্রেণীতে ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে তুলেছিলেন ২৭৩ কেজি। কিন্তু ১০৫ কেজি ওজন-শ্রেণীতে তাঁর চেয়ে ৩ কেজি ওজন কম তোলা বিদ্যুৎ কুমারের নাম ঠিকই এশিয়াডগামী চূড়ান্ত দলে সবার ওপরে। এ ব্যাপারে কোচ মোতালেব হোসেন (বুলু) মুখ খুলতে চাইলেন না, ‘আমাদের সেক্রেটারি (মহিউদ্দিন আহমেদ) অসুস্থ। উনি হাসপাতালে ভর্তি। সেক্রেটারি সুস্থ হয়ে এলে তিনিই যা বলার বলবেন, যা করার করবেন। আমি এ ব্যাপারে কোনো মন্তুব্য করতে চাই না।’ মহিলা কোচ শাহরিয়া সুলতানার (সূচী) বিদেশ ভ্রমণ নিয়েও প্রশ্ন উঠেছে। গত কমনওয়েলথ গেমস ঘুরে আসার পর এবার যাচ্ছেন চীনে। বারবার কেন ফেডারেশন তাঁকেই বেছে নিচ্ছে, সেটা নিয়েও বইছে সমালোচনার ঝড়।ভারোত্তোলোনের মতো সাঁতারেও খেলোয়াড় বাছাই নিয়ে রয়েছে পক্ষপাতিত্ব। দিল্লি কমনওয়েলথ গেমসে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো শাহজাহান আলীর (রনি) পরিবর্তে চীনে পাঠানো হচ্ছে কামাল হোসেনকে। দিল্লিতে ছেলেদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেমিফাইনালে ওঠা শাহজাহানের বদলে কেন কামালকে পাঠানো হচ্ছে—এ ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই ফেডারেশনের। তবে এই তালিকায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানালেন সাঁতার কোচ আমিরুল ইসলাম, ‘কামাল জাতিসংঘ মিশনে চলে যেতে পারে। তাই ওর বদলে রনির নাম অলিম্পিক অ্যাসোসিয়েশনে পাঠানোর চিন্তাভাবনা চলছে।’কারাতে দলের সঙ্গে চীনে যাওয়ার কথা জাপানি কোচ মাসাওয়াশি কাগাওয়ার। কিন্তু কোচের সঙ্গী হচ্ছেন সভাপতি মাসুম পারভেজ (রুবেল) ও সাধারণ সম্পাদক শেখ আলী হাসান (বাদল)। টিম ম্যানেজার হিসেবে সাধারণ সম্পাদকের দলের সঙ্গী হওয়াটাকে ভালো চোখে দেখছেন না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি মিজানুর রহমান (মানু), ‘ফেডারেশন সেক্রেটারির এভাবে টিম ম্যানেজার হওয়াটা অশোভনীয়।’সমস্যা রয়েছে অ্যাথলেটিকসেও। কোচ মাহবুবা ইকবাল (বেলি) নিয়মিত অনুশীলন করাচ্ছেন দুই স্প্রিন্টার আজহারুল ইসলাম ও নাজমুন নাহারকে (বিউটি)। কিন্তু কোচ ও দলীয় কর্মকর্তা হিসেবে চীনে যাচ্ছেন আরেক কোচ মিলজার হোসেন। বিজেএমসির এই কোচ মূলত ৮০০ মিটারের। চীনে তাঁর কাছ থেকে অ্যাথলেটরা উপকার কতটা পাবে, সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়।১৬টি খেলায় অংশ নেওয়া ২২৫ জন খেলোয়াড় ও কর্মকর্তার বিশাল বহরের প্রথম ধাপে যাচ্ছে ফুটবল ও ক্রিকেট দল। আগামী ৩ নভেম্বর প্রথমে হংকংয়ে যাবে তারা। সেখানে স্থানীয় দলের সঙ্গে ৩টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দলের। ১০ নভেম্বর চীনে যাবে আর্চারি, দাবা, গলফ, হকি, শ্যুটিং, তায়কোয়ান্দো, সাঁতার, ভারোত্তোলন ও উশু। ১২ নভেম্বর বিলিয়ার্ড, ১৫ নভেম্বর বক্সিং, ১৯ নভেম্বর অ্যাথলেটিকস ও কাবাডি এবং ২২ নভেম্বর চীনে পৌঁছাবে কারাতে দল।