অনেক কষ্ট হয়েছে: দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজকে ৩২৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে কিংস্টন টেস্টটি জিতে নেওয়ার স্বপ্ন দেখছে ভারত। আর এটা সম্ভব হয়েছে শুধু রাহুল দ্রাবিড়ের ১১২ রানের লড়াকু ইনিংসটির জন্যই। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মুরালি বিজয় সাজঘরে ফেরার পর আক্ষরিক অর্থেই উইন্ডিজ বোলারদের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলেন ‘দি ওয়াল’। বড় কোনো জুটি গড়ে তুলতে না পারলেও অসাধারণ দৃঢ়তার সঙ্গে খেলে গেছেন ভারতীয় ইনিংসের শেষ বল পর্যন্ত। তবে এই দীর্ঘ সময় উইকেট আঁঁকড়ে পড়ে থাকতে শারীরিকভাবে অনেক কষ্ট হয়েছে বলে স্বীকার করেছেন দ্রাবিড়।এ বছরের শুরুতে শেষ টেস্টটি খেলেছিলেন রাহুল দ্রাবিড়। দীর্ঘ পাঁচ মাস পর ওয়েস্ট ইন্ডিজের গরম আবহাওয়ায় এত লম্বা একটা ইনিংস খেলতে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন ভারতের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্যারিয়ারের ৩২তম টেস্ট সেঞ্চুরিটি খেলার পথে ২৭৪টি বল খেলেছেন তিনি। প্রায় সাড়ে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তিনি উইকেটে ছিলেন। গতকাল তৃতীয় দিন শেষে তিনি বলেছেন, ‘শারীরিকভাবে আমার খুব কষ্ট হয়েছে। মাত্র তিন দিন আগে আমি এখানে এসেছি। ঘুম থেকে উঠতে হয়েছে খুব সকালে। এ ছাড়া দীর্ঘদিন টেস্ট না খেলার পর এখানকার গরম আবহাওয়ায় খেলাটা সত্যিই খুব ক্লান্তিকর। এইভাবে একটানা খেলার জন্য আমার আসলে শারীরিকভাবে ফিট থাকাটা অনেক জরুরি। আর আমি যেভাবে ব্যাট করি, তাতে এ রকম লম্বা ইনিংস খেলার জন্য আমার আরও বেশি অনুশীলনও করা দরকার।’ পিটিআই।