অনেক কিছুই করতে চান সাকিব
একটু আগেই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে এসেছেন। প্রশ্নোত্তর পর্বেও বেশ সপ্রভিত। এইডস প্রচারণাবিষয়ক প্রশ্নগুলোর খোলামেলা ও আন্তরিক উত্তর দিলেন। কিন্তু যতটা মনে হলো, আসলেই কি ততটা আন্তরিক সাকিব আল হাসান, নাকি আর দশটা পেশাদারি দায়িত্বের মতোই দেখেন এটাকে?প্রশ্নটা শুনে হাসলেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘দেখুন, ব্যাট-বল হাতে ভালো করলে তো ভালো লাগেই। কিন্তু মানুষের জন্য কিছু করতে পারলে যে তৃপ্তি, এটা ভাষায় বোঝানো যাবে না।’ ভাষা বোঝানোর প্রয়োজন অবশ্য হলোও না। মানুষের জন্য কাজ করে কতটা তৃপ্তি পান, সেটা তাঁর চোখ-মুখই বলছিল। সমস্যা হলো, পেশাদারি জীবনের হাজারো ব্যস্ততার ফাঁকে সেই সুযোগটা খুব বেশি পান না। ‘থিংক ওয়াইজ’ প্রচারণার সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব আসতেই তাই রাজি হয়ে গিয়েছিলেন। ২০১০ সালের নভেম্বর থেকে এই ক্যাম্পেইনের আওতায় এইডস সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন। কাল যেমন মিরপুরের সংবাদ সম্মেলনে ছড়িয়ে দিলেন বার্তা, ‘আরও অনেক সহজলভ্য করা প্রয়োজন এইচআইভি তথ্য ও সেবা।’‘থিংক ওয়াইজ’ প্রচারণার মাধ্যমে লড়াই চলছে এইডস প্রতিরোধ ও পশ্চাৎপদ সামাজিক বিশ্বাসের বিরুদ্ধে। আইসিসি, ইউএনএইডস, ইউনিসেফ ও গ্লোবাল মিডিয়া এইডস ইনিশিয়েটিভের একটি যৌথ প্রয়াস এই প্রচারণা। টেস্ট খেলুড়ে দেশগুলোতেই এইডসে আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি। ছয় বছরেরও বেশি সময় ধরে তাই ক্রিকেটকে এ প্রচারণার সঙ্গে যুক্ত করা হয়েছে। থিংক ওয়াইজ চ্যাম্পিয়ন হিসেবে সাকিবের পাশাপাশি আছেন নাথান ব্র্যাকেন, গ্রায়েম স্মিথ, কুমার সাঙ্গাকারা, বীরেন্দর শেবাগ ও ইংল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা ইশা গুহ। কাল সংবাদ সম্মেলনে সাকিবের সঙ্গে ছিলেন ইউএনএইডসের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ লিও ক্যান, ইউনিসেফের এইডসবিষয়ক কর্মকর্তা জিয়াউদ্দিন ও আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক হাবীবা আক্তার। প্রচারণার অংশ হিসেবেই গত বিশ্বকাপের সময় একটি যৌনপল্লিতে গিয়ে এইডসে আক্রান্তদের সঙ্গে কিছু সময় কাটিয়েছেন সাকিব। কথা বলে জানতে পেরেছেন যে আসলে তাঁরা ব্যাপারটা জানতেনই না, সচেতন ছিলেন না। যখন জানতে পেরেছেন, তখন অনেক দেরি হয়ে গেছে। বিভিন্ন সময়ের নানা অভিজ্ঞতা থেকেই সাকিবের উপলব্ধি, ‘খুবই সিম্পল জিনিস, কিন্তু শেয়ার করতে হবে। পারিপার্শ্বিক বাস্তবতার জন্য আমরা এসব শেয়ার করতে সংকোচ করি, কিন্তু ফ্রি হওয়া উচিত। শেয়ার করতে পারলেই প্রতিরোধ করা সম্ভব। লুকিয়ে রাখলেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পাঠ্যবইয়েও বিস্তারিত থাকা দরকার।’এটা তো স্রেফ একটা প্রচারণা। সুযোগ পেলেই অসহায়দের পাশে দাঁড়ান সাকিব। ইচ্ছা জাগে আরও অনেক কিছুই করার, ‘আর্থিক সহায়তা হোক বা অন্য কোনোভাবে, কিছু করার আগে খানিকটা দ্বিধা কাজ করে। কিন্তু করার পর অসম্ভব ভালো লাগে। একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আমার অনেক দিনের। ইচ্ছা আরও অনেক কিছুর। তবে ফুরসত পাই না, সময়টা বের করাই মুশকিল। আশা করি, একদিন এসব ইচ্ছা পূরণ হবে।’