অনেক কিছুই পেল অস্ট্রেলিয়া
আগেই জানিয়ে ছিলেন বিশ্বকাপ দলে জায়গা না পেলে বিদায় বলে দেবেন। সিরিজের প্রথম ম্যাচটা তাই ছিল তাঁর ক্যারিয়ার বাঁচানোর ম্যাচ। বিশ্বকাপ দল ঘোষণার আগে ওটাই যে ছিল নিজেকে প্রমাণের শেষ সুযোগ! দুই উইকেট নিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেলেন, নতুন হাওয়া লাগল ক্যারিয়ারের পালে। পরের ম্যাচে আবারও দুই উইকেট, আরেকটু ভালো বোলিং। কাল যেন পুরোপুরি ফিরলেন সেই পুরোনো রূপে। গতির ঝড় তুললেন, ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা। ব্রেট লি জানিয়ে দিলেন, বিশ্বকাপে তো বটেই, আরও বেশ কিছুদিন তিনি থাকবেন দলের বড় ভরসা।অস্ট্রেলিয়াকে কাল বড় একটা স্বস্তি এনে দিয়েছেন ডেভিড হাসিও। ওয়ানডে দলে নেই দেড় বছর। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের পারফরম্যান্স বলার মতো নয়। অথচ ঢুকে গেলেন বিশ্বকাপ দলে! নির্বাচকদের যুক্তি, ‘ব্যাট হাতে হাসি ফিনিশার, বল হাতেও কার্যকরী।’ কিন্তু পারফরম্যান্স কোথায়?পারফরম্যান্স এল কাল সিডনিতে। বল হাতে এউইন মরগানকে আউট করে ভেঙেছেন বিপজ্জনক হয়ে ওঠা জুটি। ২১৫ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়েছিল ১০০ রানে। অপরাজিত ৬৮ রান করে ওই অবস্থা থেকেও দলকে এনে দিলেন ৪ উইকেটের জয়। সাত ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচই জিতল অস্ট্রেলিয়া। কালকের পারফরম্যান্সে ‘ছোট হাসি’ নিজে যতটা খুশি হবেন, তাঁর চেয়ে কম হবেন না অ্যান্ড্রু হিলডিচও!শুধু লি-হাসিই নয়, অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের স্বস্তির কারণ আছে আরও। কম সমালোচনা হয়নি জন হেস্টিংসকে দলে নেওয়াতেও। ২৫ বছর বয়সী অলরাউন্ডার কাল গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন লুক রাইটের উইকেট। মাত্র ১৮ রান করে অপরাজিত রয়ে গেছেন, কিন্তু দলকে জয় এনে দিয়েছে হাসির সঙ্গে সপ্তম উইকেট তাঁর ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি।লি সর্বশেষ ম্যাচ-সেরা হয়েছিলেন এই ইংল্যান্ডের বিপক্ষেই, ২০০৯ অ্যাশেজের পর লর্ডসে ৫ উইকেট নিয়ে। কাল দলকে ব্রেক থ্রু এনে দেন প্রথম ওভারেই। ওয়ানডেতে ফেরার পর দুই ম্যাচেও রানের মুখ দেখা হলো না ম্যাট প্রিয়রের, দুবারই ঘাতক লি। এরপর এক পাশে নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে, আরেক পাশে দাঁড়িয়ে ছিলেন জোনাথন ট্রট। ১১৯ বলে তাঁর ৮৪ রানের ইনিংসেই দুই শ পেরিয়েছে ইংল্যান্ড।হাসি-হেস্টিংসের ম্যাচজয়ী জুটিটার আগে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরে ষষ্ঠ উইকেটে হাসি-স্মিথের ৬৩ রানের জুটিতে। টপ-অর্ডারে রানে ফিরেছেন ব্র্যাড হাডিনও। তাঁর ৫৯ বলে ৫৪ রানের ইনিংসই রান রেট নিয়ে ভাবনায় পড়তে দেয়নি অস্ট্রেলিয়াকে। সব মিলিয়ে জয়ের পাশাপাশি এই ম্যাচ থেকে অনেক কিছুই পেল অস্ট্রেলিয়া। তথ্যসূত্র: স্টার ক্রিকেট।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড: ৪৮ ওভারে ২১৪ (স্ট্রাউস ২৩, প্রিয়র ০, ট্রট ৮৪*, বেল ১০, মরগান ৩০, কলিংউড ১, ইয়ার্ডি ৭, রাইট ৩২, ওয়াকস ১২, শেহজাদ ৪, ট্রেমলেট ১; লি ৩/২৭, ডোহার্টি ২/৩৭, ওয়াটসন ১/১৭, হাসি ১/২৪, হেস্টিংস ১/৫১)। অস্ট্রেলিয়া: ৪৬ ওভারে ২১৫/৬ (ওয়াটসন ৯, হাডিন ৫৪, মার্শ ৬, ক্লার্ক ৯, হোয়াইট ৭, হাসি ৬৮*, স্মিথ ২৬, হেস্টিংস ১৮*; কলিংউড ২/২৫, ট্রেমলেট ২/৫০, ওয়াকস ১/৩১, শেহজাদ ১/৪৫)। ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্রেট লি।