অনেক কিছুই বাংলাদেশের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক এক মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর কিছুক্ষণ পরে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গোটা টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক ভালো পারফরমেন্স দেখিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপাটা তুলে ধরার আত্মবিশ্বাস নিয়েই নিশ্চয়ই মাঠে নামবে স্বাগতিকেরা। অন্যদিকে পাকিস্তানের লক্ষ্য থাকবে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের শিরোপা জয়। মাঠে নামার আগে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছে বাংলাদেশ। আগের ম্যাচগুলোর মতো আজও ভাগ্যদেবী সহায় হয়েছেন মুশফিকুর রহিমের। বরাবরে মতো আজকেও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক। আগের দুই ম্যাচেও ভারত ও শ্রীলঙ্কাকে প্রথমে ফিল্ডিং করেই হারের স্বাদ দিয়েছিল টাইগাররা।এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানের হার নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব-তামিম-মুশফিকুররা। কিন্তু আজ টুর্নামেন্টের শেষ ম্যাচে একটি নির্দিষ্ট লক্ষ্য তাড়া করে জয়ের স্বপ্ন নিশ্চয়ই বেশ আত্মবিশ্বাস নিয়েই দেখবেন ক্রিকেট সমর্থকেরা। কারণ, এই ক’দিন আগেই ভারতের ছুঁড়ে দেওয়া ২৯০ রানের লক্ষ্যমাত্রা অনায়াসে নাগালে নিয়ে এসেছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। টসের আগে পিচ রিপোর্টের খবর শুনে হয়ত আরও আশাবাদী হতে পারেন বাংলাদেশের সমর্থকেরা। কারণ, আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যে পিচে ফাইনালের ব্যাট-বলের লড়াই শুরু হবে, সেই পিচে পাকিস্তানের বিপক্ষেই ৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করেও জয় পেয়েছিল ভারত। তবে স্বাগতিকদের পক্ষে এসব ইতিবাচক ব্যাপার প্রভাবক হিসেবে কাজ করলেও শেষপর্যন্ত ইতিহাস গড়তে হলে মাঠের পারফরমেন্সের দিকেই নজর রাখতে হবে সবাইকে।টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমকে অবশ্য বেশ আত্মবিশ্বাসীই দেখা গেল। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের দলটি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ভালো লড়াইয়ের প্রতিশ্রুতি জানিয়ে মিরপুরের দর্শকদের সমর্থনের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন মুশফিক। ঘরের মাঠের এই বিপুল দর্শকরা যে বাংলাদেশি ক্রিকেটারদের বাড়তি প্রেরণা যোগাবে তা, স্পষ্টই স্বীকার করেছেন তিনি। এখন শুধু প্রতীক্ষার পালা। মুশফিক বাহিনী কী পারবেন উপমহাদেশের বিশ্বকাপখ্যাত এই এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের পতাকা ওড়াতে?