অনেক ঘটনার ‘প্রথম’ দিন
নতুন বছরে পরশুই ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার প্রথম ম্যাচ। সেটা স্মরণীয়ও হয়ে থাকল অনেক কারণে। ক্যাসিয়াসকে আবারও প্রথম একাদশ থেকে বাদ দিয়ে মরিনহোর দুয়ো শোনা, আদান লালকার্ড দেখায় ক্যাসিয়াসের মাঠে নামা, ভিলানোভার প্রত্যাবর্তন—কী ঘটেনি পরশু বার্নাব্যু ও ন্যু ক্যাম্পে। রোনালদো-মেসি নতুন বছরটা শুরু করলেন গোল দিয়ে। জয় পেয়েছে রিয়াল-বার্সাও।ফিফা ব্যালন ডি’অরের আগের রাতে মেসি-রোনালদো-ইনিয়েস্তাকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল। ঔজ্জ্বল্য ছড়িয়েছেন তিনজনই। তবে উজ্জীবিত পারফরম্যান্সে এগিয়ে ছিলেন রোনালদো। তাঁর জোড়া গোলেই জিতেছে রিয়াল। দুই লালকার্ডের ম্যাচে আরেক রিয়াল, রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে ৪-৩ গোলে। বার্সেলোনার শুরুটা বার্সার মতোই, নগরপ্রতিদ্বন্দ্বী এসপানিওলকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। তবে জয়ের চেয়েও বার্সেলোনার বড় প্রাপ্তি বুঝি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করা কোচ ভিলানোভাকে ডাগ-আউটে ফিরে পাওয়া।উত্তেজনা-নাটকীয়তা বার্নাব্যুতেই ছিল বেশি। গত বছরের শেষ ম্যাচে মালাগার বিপক্ষে ক্যাসিয়াসকে একাদশের বাইরে রাখেন মরিনহো। নতুন বছরে মরিনহো বিতর্কটা চাপা দেবেন বলেই ধারণা ছিল। ক্যাসিয়াস নিজেও আশাবাদী ছিলেন। কিন্তু ঘোষিত একাদশে দেখা গেল, ক্যাসিয়াস নেই! মাইক্রোফোনের ঘোষণাটা যেন আগুন জ্বালিয়ে দেয় গ্যালারিতে। গগনবিদারী চিৎকারে মরিনহোর মুণ্ডুপাত করছিল দর্শকেরা, ব্যানারগুলোতেও ছিল সেই ঘোষণা। খুদে এক দর্শকের বহন করা ব্যানারে যেমন লেখা ছিল, ‘আমি সারা জীবন ধরেই মাদ্রিদের সমর্থক। আমি ও আমার পরিবারের চাওয়া, তুমি এখনই ক্লাব ছাড়ো মরিনহো!’করিম বেনজেমা দুই মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন। চার মিনিট পরই লালকার্ড কাণ্ড। ক্যাসিয়াসকে বাদ দিয়ে মাঠে নামানো মরিনহোর পছন্দের গোলরক্ষক আন্তোনিও আদান পান লালকার্ড। ছয় মিনিটেই ১০ জনের দল হয়ে পড়া, প্রতিপক্ষের সমতায় ফেরার সুযোগ—এসব দেখেও বার্নাব্যুতে তখন আনন্দের সহস্র করতালি! আদান মাঠ ছাড়তেই যে আসেন ‘প্রিয়’ ক্যাসিয়াস। পেনাল্টিতে ক্যাসিয়াসকে সহজেই পরাস্ত করে সোসিয়েদাদকে সমতায় ফেরান জাবি প্রিয়েতো। পরে পূর্ণ করেছেন হ্যাটট্রিকও। কিন্তু রোনালদোর জোড়া গোলের কাছেই হার মেনেছেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধে রোনালদোর দুই মিনিটের ঝলকই জিতিয়েছে রিয়ালকে।ন্যু ক্যাম্পে মূল আকর্ষণটাই ছিল ক্যানসারের সঙ্গে লড়াই করা কোচ ভিলানোভা। তাঁর ডাগআউটে প্রত্যাবর্তনে উজ্জীবিত বার্সেলোনা ২৭ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ৪-০-তে। ইনিয়েস্তার পাস থেকে শুরুটা করেন জাভি। পরে পেদ্রোর জোড়া গোল। ২৭ মিনিটে পেনাল্টি থেকে মেসি করেন ৪-০। শেষ পর্যন্ত ব্যবধান আর বাড়াতে পারেনি বার্সা। এই জয়ে রিয়ালের সঙ্গে ১৬ পয়েন্টের ব্যবধানই ধরে রেখেছে বার্সা। তবে শিরোপা-পথটা শঙ্কামুক্ত হয়েছে আরেকটু। রিয়াল মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ যে পিছিয়ে পড়ল ১১ পয়েন্টে। এএফপি