অনেক দিন পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর আগস্টের পর থেকে ট্র্যাকে নামার অপেক্ষায় উসাইন বোল্ট। ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে পুলে ফিরছেন মাইকেল ফেল্প্স। আর দীর্ঘদিন পর ফেড কাপের সুইজারল্যান্ড দলে ফিরছেন মার্টিনা হিঙ্গিস। ফেরার এই খবরই তিন ভুবনের তিন তারকাকে মিলিয়ে দিয়েছে এক বিন্দুতে

মাইকেল ফেল্প্স
মাইকেল ফেল্প্স

আবার ফেল্প্স
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ছয় মাস নিষিদ্ধ ছিলেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাঁতারপুলে নামতে আর বাধা নেই ফেল্প্সের। আগামী সপ্তাহেই প্রতিযোগিতায় ফিরছেন যুক্তরাষ্ট্রের এই জীবন্ত কিংবদন্তি। ১৫-১৮ এপ্রিল মেসায় শুরু হবে অ্যারেনা প্রো-সাঁতার সিরিজ। স্বদেশি কেটি লেডেকি, রায়ান লোক্টির সঙ্গে যেখানে সাঁতরাবেন ফেল্প্সও। টুইটারে খবরটি দিয়েছেন খোদ ফেল্প্সই, ‘শেষ পর্যন্ত আমার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। পুলে সাঁতারানো এবং প্রতিযোগিতার সময় ফিরছে। তাকিয়ে আছি মেসায় সাঁতরানোর জন্য।’ লন্ডন অলিম্পিকে অংশ নেওয়ার পর দুই বছর অবসরে ছিলেন। মেসার এই প্রতিযোগিতা দিয়েই গত বছর সাঁতারে ফিরেছিলেন ফেল্প্স। রয়টার্স।

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

বাহামায় বোল্ট
হ্যামস্ট্রিংয়ে চোট। অস্ত্রোপচার। গত বছরটা ভালো কাটেনি উসাইন বোল্টের। ট্র্যাকের বাইরেই থাকতে হয়েছে নয় মাসেরও বেশি। তবে এবার বছরটা অন্য রকম চান বোল্ট। বিশ্বের দ্রুততম মানব দৌড়াতে চান আরও দ্রুত। উন্মুখ তিনি ট্র্যাকে নামতে। এ মাসেরই ১৯ তারিখ রিও ডি জেনিরোর মিটে ১০০ মিটারে অংশ নেবেন বোল্ট। এটি আগেই জানিয়েছিলেন। নতুন তথ্য, ২-৩ মে বাহামায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের নতুন টুর্নামেন্ট রিলে চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন তিনি। এই টুর্নামেন্টের বিশেষত্ব এই, এখানে খেলেই ২০১৬ রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে হবে। বেইজিং এবং লন্ডন অলিম্পিকের রিলেতে সোনাজয়ী বোল্ট জিততে চান ২০১৬ অলিম্পিকেও। তাই জ্যামাইকা ১০০ মিটার রিলে দলের হয়ে বাহামার প্রতিযোগিতায় দৌড়াবেন বোল্ট। রয়টার্স।

মার্টিনা হিঙ্গিস
মার্টিনা হিঙ্গিস

ফেড কাপে হিঙ্গিস
দীর্ঘ ১৭ বছর পর ফেড কাপের সুইজারল্যান্ড দলে আবার মার্টিনা হিঙ্গিস! ১৮-১৯ এপ্রিল টুর্নামেন্টের ওয়ার্ল্ড গ্রুপ প্লে-অফে পোল্যান্ডের বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড। এই ম্যাচের জন্য মঙ্গলবার দলে মার্টিনা হিঙ্গিসকে চেয়েছেন সুইস অধিনায়ক হেইঞ্জ গেনথার্ট। ফেড কাপে হিঙ্গিস সর্বশেষ খেলেছিলেন ১৯৯৮ সালে, স্পেনের বিপক্ষে ফাইনালে। ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকে রজার ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে খেলার ইচ্ছা তাঁর। ফেড কাপে অংশগ্রহণ সেই স্বপ্নের পথেই এগিয়ে নেবে হিঙ্গিসকে। অলিম্পিকের মিশ্র দ্বৈতে অংশ নিতে হলে জাতীয় দলের হয়ে দলগত প্রতিযোগিতায় খেলাটা আবশ্যক। ২০১৩ সালে টেনিসে ফেরার পর হিঙ্গিস শুধু দ্বৈতেই খেলছেন। এএফপি।