অনেক দিন পর টিটি উৎসব
পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামের আশপাশের চা-সিগারেটের দোকানগুলো উধাও। রং-বেরঙের পতাকায় ছাওয়া জিমনেসিয়াম এলাকা। উডেনফ্লোরের মধ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টেবিল টেনিস খেলোয়াড় জাভেদ, ইমরুল, স্নিগ্ধা, রোকাইয়ারা। খানিক বাদে ঢুকলেন শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীনের খেলোয়াড়েরাও। আজ থেকে শুরু ১০ দলের বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিসের জন্য নতুন করে সেজেছে ফেডারেশন।বাংলাদেশের টেবিল টেনিস এর আগে দুবার আন্তর্জাতিক টুর্নামেন্ট দেখেছে। ১৯৮৭-তে দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপ হয় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ১৯৯১ সালে বিকেএসপিতে হয় এশিয়া কাপ। ১০ বছর পর বঙ্গবন্ধুর নামে আরেকটি জাঁকজমকপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের এখন নিরলস প্রস্তুতি চলছে।মাত্র এক মাসের অনুশীলন। তার ওপর কমনওয়েলথ টিটিতে সোনাজয়ী ভারত ও বিশ্ব চ্যাম্পিয়ন চীনের মতো সেরাদের গ্রুপে পড়েছে বাংলাদেশ। সোনা-রুপা জেতার চেয়ে তাই ভালো খেলা আর অভিজ্ঞতা অর্জনকেই বড় করে দেখছেন খেলোয়াড়েরা। স্নিগ্ধার কথা, ‘এক মাস অনুশীলন হওয়ার কথা থাকলেও সাপ্তাহিক ও অন্যান্য ছুটি মিলিয়ে বড়জোর ১৫ দিন প্র্যাকটিস হয়েছে। এতে চীন, ভারতের মতো দলের সঙ্গে পাল্লা দেওয়া খুবই কঠিন।’ টেবিল টেনিসের সূতিকাগার নড়াইল থেকে উঠে আসা এই কিশোরী ক্যাম্পের বাইরেও খুব বেশি অনুশীলন করতে পারেননি, ‘আমরা নড়াইলে যে বল দিয়ে প্র্যাকটিস করি, সেটার গুণগত মান খুব খারাপ। অনেক সময় ব্যাট-বলও পাই না।’ এই সমস্যা রংপুরের মেয়ে রোকাইয়ারও। তবে এসব সমস্যা পাশে রেখে ব্রোঞ্জ জয়ের স্বপ্ন দেখছেন রংপুর লায়ন্স কলেজের ছাত্রী, ‘আশা করি, ব্রোঞ্জ জিততে পারব।’ মেয়েদের তুলনায় ছেলেদের দল একটু ভালো। ‘টেবিল টেনিসের রানি’ ও মেয়েদের দলের ম্যানেজার জোবেরা রহমান লিনুও এতে একমত, ‘এই মেয়েরা একেবারেই নতুন। তাই এখনই এদের কাছে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না।’খেলোয়াড়দের মতো অতটা আশাবাদী নন কোচ মোস্তফা বিল্লাহ। তিনি বাস্তববাদী, ‘আধুনিক টেবিল টেনিস থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। এই টুর্নামেন্ট কিছুটা হলেও এগিয়ে নেবে। সার্ক দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ার চেষ্টা থাকবে আমাদের। তবে আসল লক্ষ্য খেলাটাকে জনপ্রিয় করে তোলা, যেমন জনপ্রিয় চীনে।’টেবিল টেনিস (পিং পং) চীনে এতটাই জনপ্রিয় যে এটি তাদের জাতীয় পরিচয়ই হয়ে উঠেছে। কেন এত জনপ্রিয়, সেটা দোভাষীর মাধ্যমে জানালেন কিশোরী লিউ গুয়াং, ‘এই খেলার প্রতি ভালোবাসাই এটার মূল রহস্য।’ চীনের সানডং প্রদেশের মেয়ে সান মেং ইন জানালেন, ‘চ্যাম্পিয়ন হতেই এসেছি।’ জিমনেসিয়ামে এসেই চীনারা নেমে পড়েন অনুশীলনে। তাঁদের রিসিভিং, সার্ভিস আর বৈচিত্র্যময় র্যালি মুগ্ধ চোখে দেখছিলেন জাভেদ-রোকাইয়ারা।