অনেক দিন পর সরব ইনজামাম
ভারত-ইংল্যান্ড সিরিজে আইসিসির অন্যতম প্যানেল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের আলীম দার। কিন্তু এই সিরিজে তাঁর বেশ কটি ভুল সিদ্ধান্ত সমালোচনার জন্ম দিয়েছে। আলীম দারের বিপক্ষে সবচেয়ে বেশি সমালোচনামুখর শেন ওয়ার্ন। নিজের টুইটার অ্যাকাউন্টে আলীম দারের আম্পায়ারিংয়ের সমালোচনা করে টুইটও দিয়েছেন তিনি। শেন ওয়ার্ন আলীম দারকে ‘বাজে আম্পায়ার’ হিসেবে অভিহিত করে বলেন, ‘যদি বাজে পারফরম্যান্সের কারণে খেলোয়াড়েরা দল থেকে বাদ পড়তে পারে, তাহলে আইসিসির উচিত আলীম দারকে এলিট প্যানেল থেকে বাদ দেওয়া।’ তিনি বলেন, ‘এই আলীম দার ইংল্যান্ড-ভারত সিরিজে কমপক্ষে দুটো বাজে সিদ্ধান্ত দিয়েছে; শুধু তা-ই নয়, বাজে সিদ্ধান্ত দেওয়া আলীম দারের অভ্যাসে পরিণত হয়েছে।’আলীম দারের প্রতি শেন ওয়ার্নের হঠাত্ খড়্গহস্ত হওয়ার ব্যাপারে দারুণ খেপেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। এই সমালোচনার নেপথ্য কারণটাও ধরে ফেলেছেন সাবেক এই ড্যাশিং ব্যাটসম্যান। তাঁর মতে, শেন ওয়ার্ন হঠাত্ আলীম দারের পেছনে লেগেছেন, কারণ তিনি ভারতীয়দের কাছে সস্তা উপায়ে জনপ্রিয় হতে চান।ইনজামাম বলেন, ‘আমি দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। আমি আলীম দারের চেয়ে ভালো আম্পায়ার আর কোথাও দেখিনি।’ ইনজামাম মনে করেন, একজন এলিট প্যানেল আম্পায়ার হিসেবে আলীম দারের সমালোচনা করায় আইসিসির উচিত শেন ওয়ার্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। পাকিস্তানের জিয়ো চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে ইনজামাম সমালোচনামুখর ছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। তিনি বলেন, ‘আমার মতে, হারার পর আম্পায়ারিংয়ের সমালোচনা না করে ধোনির উচিত রেফারেল (ডিআরএস) পদ্ধতি ব্যবহারের ব্যাপারে তার দেশের ক্রিকেট বোর্ডকে ভালো করে বোঝানো।’ উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময়ই ডিআরএস পদ্ধতির ঘোর বিরোধী। তিনি বলেন, আইসিসির উচিত কারও কথায় বিচলিত না হয়ে ক্রিকেটের সব ফরম্যাটে রেফারেল পদ্ধতির কড়াকড়ি প্রয়োগ ঘটানো। নতুন নিয়ম-কানুনের প্রতি দুর্বলতা থাকলেও ইনজামাম ক্রিকেট কোচিংয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও সনদের কোনোই মানে খুঁজে পান না। তিনি বলেন, ‘আমি একেবারেই বিশ্বাস করি না যে কেউ কয়েকটা কোচিং ডিগ্রি নিয়েই ভালো কোচ হতে পারে।’ তিনি বলেন, হাজারটা কোচিং ডিগ্রি পাওয়া একজন কোচের পরামর্শ কোনোমতেই ওয়াসিম আকরাম কিংবা জাভেদ মিয়াঁদাদের সমকক্ষ হতে পারে না।নিজের সম্পর্কে তিনি বলেন, ‘আমি ১২০টি টেস্ট খেলে যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা একজন তরুণ ক্রিকেটারকে গড়ে তোলার জন্য যথেষ্ট বলেই মনে করি।’ইনজামাম বলেন, ‘একজন ভালো ক্রিকেটার হিসেবে কাউকে গড়ে তুলতে চাইলে তাঁর বিভিন্ন পরিস্থিতির চাপ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। আমি মনে করি, ব্যবহারিকভাবে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া কেউ এই চাপ সম্পর্কে কোনো তরুণকে ধারণা দিতে পারবে। যে ক্রিকেটার শতাধিক টেস্ট খেলেছে, সে অবশ্যই ক্রিকেটের অনেক কিছু সম্পর্কে ওই ডিগ্রিধারীদের চেয়েও হাজার গুণ সঠিক জ্ঞান রাখে।’ সূত্র: ইএসপিএন।