অনেক দ্বিধায় সাবরিনার অবসর
সকাল সকাল টিভি প্রতিবেদক এসে হাজির। সাবরিনা সুলতানা অবসর নেবেন, কাজেই তাঁর শেষ ইভেন্টটি ধরে রাখা চাই। কিন্তু খানিক পরই প্রতিবেদক গালে হাত দিয়ে বসে পড়লেন। ততক্ষণে যে চাউর হয়ে গেছে, ঘোষণা দিলেও নানা চাপে সাবরিনা অবসর নিতে পারছেন না। তাহলে এই কদিন যে টিভি-পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে ‘শ্যুটিং-কন্যা’ বললেন, ‘এই থ্রি-পজিশন ইভেন্টই আমার দীর্ঘ শ্যুটিং-জীবনের শেষ প্রতিযোগিতা’! গুলশান শ্যুটিং রেঞ্জে তরুণ সাংবাদিক তাঁর মুঠোফোনের রেকর্ড প্লেয়ার চালিয়ে শুনছেন দুই দিন আগে দেওয়া সাবরিনার সাক্ষাৎকার, ‘এবার আর ফিরছি না।’এসব শুনে-টুনে সাবরিনার স্বামী সাবেক কৃতী শ্যুটার সাইফুল আলম (রিংকি) স্ত্রীর অবসরের ব্যাপারটা নাকচই করে দিলেন, ‘মিডিয়া একটু বেশিই বলে ফেলেছে। সাবরিনা অবসর নেবে বাংলাদেশ গেমস থেকে। এমনিতে ন্যাশনাল খেলবে। আমি চাই না এখনই অবসর নিক। এমনিই শ্যুটার নেই, সাবরিনা চলে গেলে খেলবে কে?’কথাটা সত্যি। প্রোন, থ্রি-পজিশনে নিজের সেরার চেয়ে ১০-১৫ স্কোর কম করেও গত কয়েক বছরে সোনা জিতছেন সাবরিনা। এবারও বাংলাদেশ গেমসে এই দুটি ইভেন্টের সোনা তাঁরই। কাল থ্রি-পজিশনে স্পর্শ করলেন নিজের রেকর্ড গড়া স্কোর। যথারীতি সোনা জিতে ইভেন্ট শেষ করলেন যখন, সবাই ধাঁধায়। অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন সাবরিনা?এরই মধ্যে খবর, আগের দিন সাবরিনার দল ঢাকা রাইফেলস ক্লাবের কর্মকর্তারা ঠিক করেছেন, সাবরিনার অবসর এখনই নয়। তাহলে যে আগামী জাতীয় প্রতিযোগিতায় এই ক্লাবের নিশ্চিত দুটি সোনা হাতছাড়া হবে! ক্লাবের কারণেই আগেও অবসরের সিদ্ধান্ত নিয়ে কার্যকর করতে পারেননি। ফেডারেশনও অবস্থান নিয়েছিল অবসরের বিপক্ষে।এসব কথা যখন সবার মুখে মুখে, ইভেন্ট শেষে সাংবাদিকদের ডাকলেন সাবরিনা। রেঞ্জে অবসরের পরিবেশ দূরের কথা, কারও হাতে একটা ফুল পর্যন্ত নেই। সব নিস্তব্ধ। প্রথমে বললেন, ‘এটিই আমার শেষ প্রতিযোগিতা। এখন কোচ হয়ে শ্যুটার তৈরি করতে চাই।’ খানিক বাদে দ্বিধাদ্বন্দ্ব, ‘রিংকি এবং আমার ক্লাব আগামী ন্যাশনালে খেলতে পীড়াপীড়ি করছে। আমি স্ট্যান্ডবাই আছি, ন্যাশনালে খেলতে পারি। আবার না-ও পারি।’নাটকের শেষ অঙ্কটা তখনো বাকি। সাংবাদিকেরা অনেকে রেঞ্জ ছেড়ে গেছেন। এই ফাঁকে কামরুন নাহার ডানার নেতৃত্বে তিনটি ফুলের তোড়া এল রেঞ্জে। সাবরিনা তা নিলেন। ডানা ফুল দিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষে, মহিলা ক্রীড়া সংস্থার পক্ষে ভারপ্রাপ্ত সভানেত্রী হামিদা বেগম, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়দের হয়ে রওশন আরা ছবি। ফুল নিয়ে সাবরিনা কাঁদলেন। ছেলে রওনককে পাশে নিয়ে কাঁদলেন রিংকিও।ছোটখাটো একটা বিদায়ী অনুষ্ঠান। যেখানে শ্যুটার আতিকুর রহমান, আসিফ হোসেন, শারমিন আক্তার রত্নাসহ অনেকেই বিদায়ী শ্রদ্ধা জানান বাংলাদেশের ‘শ্যুটিংদূতকে’। আজ শ্যুটিং ফেডারেশন সংবর্ধনা দেবে বলে জানিয়েছে। এর পরও ক্লাবের চাপে আগামী জাতীয় প্রতিযোগিতায় যদি খেলতে বাধ্য হন...? সাবরিনার উত্তর, ‘আর নয়, আমি অবসর নিয়েছি, এটাই চূড়ান্ত।’১৯৯২ সালে বাংলাদেশ গেমস দিয়ে শুরু, তারপর কমনওয়েলথ শ্যুটিং, সাফ শ্যুটিং, সাফ গেমস এবং ঘরোয়া প্রতিযোগিতা মিলে ৩০টির বেশি সোনা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শ্যুটিংয়ের অনেক বড় বিজ্ঞাপন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এই মেয়ে। স্বামী এবং ক্লাব কর্মকর্তারা তাঁকে একটু দ্বিধায় না ফেললে তাঁর বিদায়ে ক্রীড়াঙ্গনে একটা আলোড়নই হতো।