অনেক নতুন শুরুর ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনিতে আন্তর্জাতিক ক্রিকেট মানেই সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তবে আজ তা নয়। সিডনির পশ্চিমে হোমবুশ বে-তে নতুন এক মাঠে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের পদচারণ। টেলস্ট্রা স্টেডিয়াম থেকে পাল্টে এএনজেড স্টেডিয়াম হয়ে এই মাঠের নাম এখন স্টেডিয়াম অস্ট্রেলিয়া। ২০০০ সালের অলিম্পিক গেমসের জন্য বানানো স্টেডিয়ামে অ্যাথলেটিকস, রাগবি, রুলস ফুটবল, ফুটবল এমনকি মোটরবাইক পর্যন্ত হয়েছে। আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি দিয়ে সেখানেই পা পড়ছে ক্রিকেটের।কাকতালীয়ভাবে নতুন এই মাঠেই হতে যাচ্ছে নতুন এক ইতিহাস। শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের নতুন এক অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন জর্জ বেইলি। এর আগে অভিষেক আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন আর একজনই। সেটি অবশ্য অবশ্যম্ভাবীই ছিল। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভ গ্রেগরি। গ্রেগরির শুরু হয়েছিল জয় দিয়ে, বেইলির?টেস্ট সিরিজের ধারা অব্যাহত থাকলে কাজটা কঠিন হবে না বেইলির। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে লজ্জার চূড়ান্ত হয়েছে ভারতের। চারটি টেস্টেই হারতে হয়েছে বিশাল ব্যবধানে। ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। তবে নতুন সংস্করণে প্রায় নতুন চেহারার দল নিয়ে ভারত চায় নতুনভাবে শুরু করতে। নতুন চেহারার দল মানে নতুন সব ক্রিকেটার নয়, টেস্ট দলের অনেকের না-থাকা। ধোনি তো বলছেন রায়না-ইরফান-রোহিত-প্রাভিনরা দলের আবহটাই পাল্টে দিয়েছেন, ‘আমাদের ওয়ানডে দল টেস্ট দল থেকে অনেকটাই আলাদা। এই ছেলেরা প্রাণচাঞ্চল্যে ভরপুর, যা ড্রেসিংরুমকে চাঙা রাখে। ওরা একে অপরের সঙ্গে খুনসুটি করতে ভালোবাসে, আবহটা তাই এখন অনেক প্রাণবন্ত। কিশোরকুমার থেকে এখন আমরা শন পল (জ্যামাইকান র‌্যাপ গায়ক) হয়ে গেছি।’তুলনায় আরও বেশি নতুন চেহারার দল অবশ্য অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজের মাত্র দুজন আছেন টি-টোয়েন্টি দলে—ডেভিড ওয়ার্নার ও শন মার্শ। তবে নজর থাকবে অবশ্যই বেইলি ও চার বছর পর ফেরা ব্র্যাড হগের দিকে। নতুন মাঠে অনেক নতুন শুরুর এই ম্যাচে জয় হবে কার? ওয়েবসাইট।