অনেক নাটক শেষে শিরোপা আবাহনীর
বাংলাদেশের ঘরোয়া হকি মানেই যেন নাটকের মঞ্চায়ন। খুব কম টুর্নামেন্টই আছে যাতে হাস্যকর কাণ্ডকারখানা দেখা যায়নি হকি ফেডারেশন ও ক্লাবগুলোর সৌজন্যে। সর্বশেষ গতকাল শহীদ স্মৃতি হকির ফাইনাল অনেক নাটকের পর শুরু হয়েছে প্রায় এক ঘণ্টা দেরিতে! তাতে সেনাবাহিনীকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী।অনেক দিন পর একটা জমাট ফাইনালের আবহ ফিরে এসেছিল মওলানা ভাসানী স্টেডিয়ামে। বিনা পয়সায় টিকিট, তার ওপর লটারির মাধ্যমে ১০টি মুঠোফান সেট দেওয়ার ব্যবস্থা। কিছু দর্শকও এল। সংবাদমাধ্যমের ভিড়। এরই মধ্যে খেলা শুরুর জন্য অপেক্ষা বাড়তে থাকল। সেনাবাহিনীর আপত্তি আবাহনীর এক খেলোয়াড়কে নিয়ে। আবাহনীর আপত্তির কেন্দ্রে এক আম্পায়ার। শেষ পর্যন্ত এক খেলোয়াড়কে বাদ দিয়েছে আবাহনী। তবে সংশ্লিষ্ট ওই আম্পায়ারই খেলা চালিয়েছেন।সাম্প্রতিক সময়ে মাঠে বেশি উজ্জ্বল সেনাবাহিনী। ফরিদপুরকে হারিয়ে ঘরে তুলেছে জাতীয় হকির শিরোপা। আবাহনীকে পাঁচ দলের এই শহীদ স্মৃতি টুর্নামেন্টের লিগ ম্যাচে হারিয়েছে ২-১ গোলে। কিন্তু কাল গুছিয়ে ওঠার আগেই সেনা দলের পোস্টে আবাহনীর দুই গোল। ২ ও ৭ মিনিটে গোল দুটি করেছেন পুরান ঢাকার তরুণ স্ট্রাইকার ইমরান নাদির (প্রিন্স)। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামালের খালাতো ভাই নজর কাড়লেন দুর্দান্ত গতি এবং স্টিক ওয়ার্ক দিয়ে। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তাই খুঁজে নিয়েছে তাঁরই হাত। এর আগে দুই গোলে পিছিয়ে পড়ার পরপরই আবাহনীকে স্তব্ধ করে দিয়েছিল সেনাবাহিনী। নিজেদের পাওয়া প্রথম পেনাল্টি কর্নারেই সাব্বিরের গোল। ওই সাব্বিরই দ্রুতই স্কোরলাইন করে দেন ২-২। ম্যাচের বয়স তখন মাত্র ১৬ মিনিট! দারুণ আকর্ষণীয় হয়ে ওঠা ম্যাচটা ২৮ মিনিটে দেখল পঞ্চম গোল। যেটি এসেছে তরুণ ফরোয়ার্ড হাসান যুবায়েরের (নিলয়) স্টিকে। এই গোল ধরে রেখেই ম্যাচ শেষ করেছে আবাহনী।ফাইনালে পুরস্কার বিতরণ করেন হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান। এই অনুষ্ঠানে আরমানিটোলার নিবেদিতপ্রাণ হকি কোচ ফজলুল ইসলামকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে হকি ফেডারেশন।