অনেক পাওয়ার আছে স্যামির
ড্যারেন স্যামি যেন আঁতকে উঠলেন। ‘রিলাক্সড? নো...!’—চোখমুখের ভঙ্গি আর হাসিতে যেন বোঝাতে চাইলেন, ‘বলে কী!’ সিরিজ জেতা হয়ে গেছে তো কী, শেষ ম্যাচে সামান্যতম হালকা মেজাজে থাকা বা পরীক্ষা-নিরীক্ষা চালাতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘৩-০-তে সিরিজ জিতলে ৪ পয়েন্ট পাব। ওই পয়েন্টটা আমাদের খুবই দরকার।’নিষ্পত্তি হয়ে যাওয়া সিরিজের শেষ ম্যাচটায় নিজেদের উদ্বুদ্ধ করতে রেটিং পয়েন্ট অবশ্যই একটা প্রেরণা। তবে পেশাদারির মুখোশ লাগিয়ে স্যামি যেটা বলেননি, সেই প্রেরণাটাও কম নয়। ২০০৯-কে কি এত সহজেই ভুলে যাওয়া যায়? ওই ক্ষতে প্রলেপ দেওয়ার চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে?নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে বিব্রতকর মুহূর্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে কম আসেনি। কিন্তু ২০০৯ সালের বাংলাদেশ সিরিজটা সম্ভবত একসময়ের পরাক্রমশালী এই ক্রিকেট-শক্তির ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায়। শীর্ষ ক্রিকেটাররা ছিলেন না, এটা তো আর পরিসংখ্যানের খাতায় লেখা থাকবে না। পরিসংখ্যান বলবে ওই সিরিজে দেশের মাটিতে বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের ওয়ানডেতে খেলা তিনজন আছেন এই দলে। সেন্ট কিটসে শেষ ওয়ানডেতে অভিষেক হয়েছিল কাইরান পাওয়েলের, কেমার রোচের অভিষেক সিরিজ। বর্তমান অধিনায়ক ড্যারেন স্যামি ছিলেন ফ্লয়েড রেইফারের ওই দলের অভিজ্ঞদের একজন, দলের প্রাণ। ওই ধবলধোলাইয়ের কষ্টটা তাই সবচেয়ে বেশি হওয়ার কথা তো তাঁরই!নানা দাবিতে বোর্ডের সঙ্গে বিদ্রোহ করে ওই সিরিজে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ক্রিকেটাররা। ওই সময় স্যামির ভূমিকাটা নিশ্চয়ই পছন্দ হয়নি গেইল-চন্দরপলদের। বিদ্রোহী ক্রিকেটারদের সঙ্গেই একরকম বিদ্রোহ করে স্যামি দাঁড়িয়েছিলেন বোর্ডের পাশে। শীর্ষ ক্রিকেটারদের মধ্যে খেলেছিলেন কেবল তিনিই। কিন্তু দলকে লজ্জার হাত থেকে রক্ষা করতে পারেননি। এখন তিনি দলের অধিনায়ক। মুখে তাই যতই বলুন প্রতিশোধের ব্যাপার নয়, হোয়াইটওয়াশ করেই হোয়াইটওয়াশের বদলা নেওয়ার ভাবনা স্যামির না থেকে পারেই না!রেটিং পয়েন্ট বাড়ানোর ব্যাপারটাও অবশ্য আছে। বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ২০১৫ সালের মধ্যে দলকে শীর্ষ পাঁচে দেখতে চান, ওই ৪ পয়েন্ট স্যামির জন্য জরুরি তো বটেই। তবে এ ক্ষেত্রেও এসে যাচ্ছে ওই ২০০৯ সিরিজ। এখনকার মতো ওই সময়ও ওয়ানডে র্যাঙ্কিংয়ের ৮-৯-এ ছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে রেটিং পয়েন্টে দুই দলের ব্যবধান ছিল ৪৪ (৯০-৪৬)। সিরিজ শেষে ব্যবধান কমে দাঁড়িয়েছিল ২৩ (৭৮-৫৫)। সেই পথপরিক্রমায়ই অব্যাহত থাকে দুই দলের উত্থানপতন। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাসে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেলে বাংলাদেশ (৬৭-৬৭), ভগ্নাংশের ব্যবধানেই কেবল আটে টিকে থাকতে পারে ক্যারিবীয়রা। সেই ব্যবধান এখন আবার ২০, আরেকটু বাড়িয়ে নেওয়ার সুযোগটা হাতছাড়া করতে চাইবেন কেন স্যামিরা!শেষ ম্যাচটাতেই অবশ্য সবচেয়ে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথা তাদের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সাম্প্রতিক ইতিহাস বলছে, এই মাঠ বাংলাদেশের জন্য সবচেয়ে পয়া। সেটা কাকতালীয়ও নয়। মন্থর উইকেট, টার্ন আছে, বল ব্যাটে আসে একটু থেমে। বাংলাদেশের স্পিন আক্রমণের জন্য প্রায় আদর্শ উইকেট। এই মাঠের সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে বাংলাদেশ। ওই ৫ ম্যাচের ৪৫ উইকেটের ৩২টিই পেয়েছেন বাংলাদেশের স্পিনাররা। স্যামি অবশ্য বললেন, উইকেটে দেখে ভালোই মনে হয়েছে। এই সিরিজে সিমন্স-স্যামুয়েলসরা যেভাবে স্পিন সামলেছেন, স্যামি আত্মবিশ্বাসী হয়তো সে কারণেও। ২০০৯-এর ক্ষতে প্রলেপ দেওয়ার আশা তাই করতেই পারেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। বাংলাদেশ কি পারবে স্যামির যন্ত্রণা খানিকটা হলেও জিইয়ে রাখতে?