অনেক পাওয়ার হাতছানি
বুন্দেসলিগার সদ্য শেষ মৌসুমের বেশির ভাগটাই কাটালেন সাইড বেঞ্চে বসে। যেসব ম্যাচে খেলার সুযোগ পেলেন, সেগুলোতেও খুব বেশি সময় মাঠে দেখা যায়নি তাঁকে। বায়ার্ন মিউনিখের হয়ে গোল করেছেন মাত্র তিনটি। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জার্মানির প্রথম ম্যাচ। প্রথম একাদশে নেমে খেললেন ৬৯ মিনিট পর্যন্ত। গোল করেছেন একটি, করতে পারতেন আরও তিনটি। তবে ওই এক গোলেই ৯৭টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল হয়ে গেছে ৪৯টা, হয়েছেন দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও। আর যদি গত দুটি বিশ্বকাপের দিকে তাকান, আরেকটি গৌরবের হাতছানিও আছে তাঁর সামনে। গত দুই বিশ্বকাপের মতো এবারও যদি করতে পারেন ৫টি গোল, বিশ্বকাপে রোনালদোর সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি।বলা হচ্ছিল মিরোস্লাভ ক্লোসার কথা, ক্লাবের চেয়ে দেশের হয়েই যিনি বেশি উজ্জ্বল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই ঔজ্জ্বল্য ছড়ানো এই স্ট্রাইকারের দিকে আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচেও নিশ্চই তাকিয়ে থাকবে জার্মানি। প্রথম ম্যাচের পর ফিফাডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোসা নিজের স্বস্তির কথাটাই বলেছেন আগে, ‘এটা অবশ্যই একটা স্বস্তি, বিশেষ করে আমরা যখন একটা তরুণ দল। প্রথম ম্যাচের ফলাফল আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’২০০৬-এ গোল্ডেন বুট জেতা মিরোস্লাভ ক্লোসার প্রতি পূর্ণ সমর্থন আছে কোচ জোয়াকিম লোর, ‘মিরো (ক্লোসা) সব সময়ই একটু একটু করে উন্নতি করছে।’ ক্লোসাও গোল দিয়ে বিশ্বকাপ শুরু করে সে আস্থার প্রতিদান দিলেন। শুধু গোল কেন, ফিটনেস, ভালো খেলার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞা, শূন্যে খেলার সামর্থ্য আর দল-অন্তঃপ্রাণ হয়ে ওঠা—সব মিলিয়ে এ ম্যাচে ক্লোসা ছিলেন ক্লোসার মতোই। তিনি নিজেও বলছেন আত্মবিশ্বাসী হয়ে ওঠার কথা, ‘আমি জানি আমার পক্ষে কী করা সম্ভব। এ কারণেই কখনো আত্মবিশ্বাস হারাই না। আর আমার সব সময়ই মনে হয় দলের অন্য খেলোয়াড়েরা আমাকে দলের অংশই ভাবে।’আত্মবিশ্বাস আর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে গোল-বন্যায় ভাসানোর সাফল্য ক্লোসা এখন বয়ে নিতে চান বিশ্বকাপের পরের ম্যাচগুলোতে। তাঁর সতর্কবার্তা, বিপক্ষে পোর্ট এলিজাবেথে আজ সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে যেন আত্মতুষ্টিতে না ভোগেন কেউ, ‘এখন পর্যন্ত একটা ম্যাচই জিতেছি আমরা। এ ম্যাচে হয়তো চারটা গোলও করেছি, কিন্তু সামনে অনেক শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আমাদের। এখন উচিত হবে কেবলই পরের ম্যাচটার দিকে তাকানো।’রোনালদোকে ছুঁয়ে ফেলার হাতছানি ছাড়াও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আরও একটা রেকর্ডের সামনে দাঁড় করিয়েছে ক্লোসাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলটিসহ ১১ গোল করে ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গে এখন তিনিও দেশের হয়ে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ক্লোসা নিশ্চিতভাবেই চাইবেন, এই বিশ্বকাপেই জার্মানির হয়ে সবচেয়ে বেশি (১৪টি) গোল করা জার্ড মুলারের রেকর্ড ভাঙতে, নিদেনপক্ষে ছুঁতে। সেটা করতে পারলে এগিয়ে যাবেন রোনালদোকে ধরার দৌড়েও। ওয়েবসাইট।