অনেক প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
বিস্ময়করভাবে সবাই খুব সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। শুধু এক ফেডারেশন কর্মকর্তা টেনে লম্বা করছিলেন বক্তৃতাপর্ব। মঞ্চে বসা অতিথিরা সবাই একটু অসহিষ্ণু হয়ে উঠলেন। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কথা বলতে মঞ্চে উঠলেন, তখন বোঝা গেল অসহিষ্ণুতার কারণ। তিনি হেসে বললেন, ‘বক্তৃতা লম্বা করে সময় নষ্ট করা যাবে না। একটু পরই শেখ জামাল বনাম আবাহনী ফেডারেশন কাপ ফাইনাল আছে।’একটি দেশের প্রধানমন্ত্রী ঘরোয়া ফুটবলের সূচি মনে রাখবেন, এটি একটু বিস্ময়ের খবর বৈকি! তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই। আসলে তাঁর পরিবারটাই ছিল এমন। যে দুই ক্লাবের মধ্যে ফেডারেশন কাপ ফাইনাল, তার একটি প্রধানমন্ত্রীর বড় ভাইয়ের প্রতিষ্ঠিত, একটি মেজ ভাইয়ের নামে; ছোট ভাইয়ের নামে প্রতিষ্ঠিত ক্লাব ‘শেখ রাসেল ক্রীড়াচক্র’ও আছে শীর্ষ পর্যায়ে।তাঁর দাদা ফুটবল খেলতেন, বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন, ভ্রাতৃবধূ সুলতানা কামাল ছিলেন দেশের মহিলা ক্রীড়াঙ্গনের পথিকৃৎ। এসব গল্পই কাল উঠে এল প্রধানমন্ত্রীর স্মৃতি থেকে। উঠে এল আবেগ, ভালোবাসা আর বেদনা জড়ানো অনেক গল্প। আর এসব গল্পের উপলক্ষ পল্টন ময়দানে নতুন তিনটি ক্রীড়া ভেন্যুর উদ্বোধন। দক্ষিণ এশীয় (এসএ) গেমস উপলক্ষে নতুন করে তৈরি উডেনফ্লোর জিমনেসিয়াম, হ্যান্ডবল স্টেডিয়াম ও মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করতে কাল বিকেলে পল্টনে এসেছিলেন প্রধানমন্ত্রী।দারুণ রক্ষিত সেই উদ্বোধনী সভায় কথা বলতে গিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানালেন, ৮ কোটি টাকা ব্যয়ে উডেনফ্লোর জিমনেসিয়াম, ৪ কোটি টাকা ব্যয়ে বক্সিং স্টেডিয়াম ও ২ কোটি টাকা ব্যয়ে হ্যান্ডবল স্টেডিয়াম সংস্কার করা হয়েছে। এই এসএ গেমস উপলক্ষেই ১১ কোটি টাকা ব্যয়ে শ্যুটিং কমপ্লেক্স সংস্কার করা হয়েছে। আরও একটা দাবি জানালেন প্রতিমন্ত্রী, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করে কমপক্ষে ৫০ হাজার আসনবিশিষ্ট করা হোক।’এমন আরও গোটা দুয়েক দাবি জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান (রাসেল), ‘খেলোয়াড়দের যোগ্যতা অনুযায়ী সরকারি-বেসরকারি চাকরির ব্যবস্থা প্রধানমন্ত্রী করবেন বলে আমার বিশ্বাস। এ ছাড়া আমার দাবি, বিশ্ববিদ্যালয়গুলোয় বন্ধ হয়ে যাওয়া খেলোয়াড় কোটা আবার চালু করার উদ্যোগ নেওয়া হোক।’সব দাবিই প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে নিলেন বলেই মনে হলো। ভেন্যু নির্মাণ বা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রী উদাত্তভাবে জানিয়ে দিলেন, ‘এসব ক্ষেত্রে টাকা নিয়ে দুশ্চিন্তা করবেন না। অনুশীলন ও খেলা চালাতে যা দরকার পাবেন।’খেলোয়াড় জীবন-জীবিকা নিয়ে সরকারের কিছু পরিকল্পনার কথাও জানালেন প্রধানমন্ত্রী, ‘আমাদের দেশের বেশির ভাগ খেলোয়াড়ের থাকা-খাওয়া নিয়েই দুশ্চিন্তা করতে হয়। আমি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি, খেলোয়াড়দের চাকরি দিয়ে দেশের উন্নয়নে অংশীদার হোন। সরকারও নানাভাবে চেষ্টা করছে। খেলোয়াড়দের অসুস্থতা বা অন্য কোনো হঠাৎ বিপদে যাতে সাহায্যের জন্য চেয়ে থাকতে না হয়, সেজন্য একটি কল্যাণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি আমরা। এরই মধ্যে ‘‘বঙ্গবন্ধু ক্রীড়া কল্যাণ ফান্ড’’ নামে একটি তহবিল গঠনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এ ছাড়া ক্রীড়াবিদসহ দেশের সব সংস্কৃতিকর্মীর জন্য আমরা পর্যায়ক্রমে আবাসনের ব্যবস্থা করারও উদ্যোগ নিচ্ছি।’ক্রীড়াঙ্গনের চিরকালীন এসব দাবি বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ থেকেই পাওয়াই যেন দিনের সবচেয়ে বড় পাওয়া হয়ে উঠল।