অনেক প্রথমের ‘প্রথম ওভার’
মুখে লাজুক হাসি, সতীর্থদের তালিতে একটু যেন বিব্রতও। সাকলায়েনের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়ে খানিকটা চওড়া হলো হাসি। খুব কাছে থাকা টিভি ক্যামেরার সামনে আবার খানিকটা অস্বস্তিও যেন পেয়ে বসল। অতি উত্তেজনাতেই কিনা, ক্যাপটা ঠিকমতো পরতে পারছিলেন না মাথায়। সাকলায়েন আবার তা মাথায় ঠিকঠাকমতো পরিয়ে দিয়ে জড়িয়ে ধরলেন তাঁকে। বাংলাদেশ দল যখন মাঠে ঢুকছে, টিভি ক্যামেরা আবার খুব কাছ থেকে ধরল তাঁকে। সোহাগ গাজী যেন একটা ঘোরের ভেতরে ছিলেন, স্বপ্নের ঘোর!সেই ঘোর কাটতে সময় লাগল মাত্রই কয়েক মিনিট। সোহাগকে বাস্তবতার জমিনে নামিয়ে আনলেন ক্রিস গেইল নামের এক ‘দানব’। অভিষিক্ত স্পিনারকে প্রথম ওভারেই বল তুলে দিয়ে অনেককেই চমকে দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেটার রেশ কাটতে না কাটতেই আরেক চমক। সোহাগের প্রথম বলটি একটু ফ্লাইট দিয়ে ওভারপিচ, একটু পা বাড়িয়ে গেইল সেটা অনায়াসে তুলে দিলেন লং অনের ওপর দিয়ে। ইতিহাসে ঢুকে গেলেন গেইল-সোহাগ দুজনই, ঢুকে গেল এই টেস্টও। টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে এই প্রথম ম্যাচের প্রথম বলে ছক্কা!ইনিংসের প্রথম বলে ছক্কাই এর আগে হয়েছিল মাত্র দুবার। প্রথমটি ১৯৮৫ সালে, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। জয়ের জন্য চতুর্থ ইনিংসে ১১ ওভারে ১২৩ রান প্রয়োজন শ্রীলঙ্কার, মারকুটে তরুণ অরবিন্দ ডি সিলভাকে ওপেনিংয়ে পাঠান অধিনায়ক দিলীপ মেন্ডিস। কপিল দেবের প্রথম বলেই হুক করে ছয় মারেন ডি সিলভা। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই ছক্কার দ্বিতীয় ঘটনাটি ২০০৭ সালে, কেপটাউনে। জহির খানের বাউন্সারে গ্রায়েম স্মিথের পুল ব্যাটের ওপরের কানায় লেগে গ্যালারিতে আশ্রয় নেয় লং লেগের ওপর দিয়ে।আরেকটি ইতিহাস হয়ে গেছে অবশ্য সোহাগ বলটি করার সঙ্গে সঙ্গেই। কাল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম ওভার আসলে জন্ম দিয়েছে বেশ কিছু ‘প্রথম’-এর। এই প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ওভার করলেন কোনো অভিষিক্ত স্পিনার। এর আগে বাংলাদেশের পক্ষে অভিষেকেই প্রথম ওভার করেছিলেন শুধু শফিউল ইসলাম। সব মিলিয়েই কোনো অভিষিক্ত স্পিনার টেস্টের প্রথম ওভার করলেন ১০৩ বছর পর! সর্বশেষ করেছিলেন ইংলিশ স্পিনার ডোনাল্ড কার, ১৯০৯ সালের আগস্টে ওভালে। আর যে এমন তিনটি ঘটনা আছে, তা অষ্টাদশ শতাব্দীর—১৮৮৪ সালে ইংল্যান্ডের ববি পিল, ১৮৯৬ সালে দক্ষিণ আফ্রিকার জর্জ রো ও ১৮৯৯ সালে ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। পিল, রো ও রোডস ছিলেন বাঁহাতি স্পিনার, কার লেগ স্পিনার। অভিষেকে টেস্টের প্রথম ওভার বোলিং করা অফ স্পিনার একমাত্র সোহাগই!প্রথম বলে ছক্কাতেই শেষ হচ্ছে না কালকের প্রথম ওভারের ‘মহিমা’। পরে আরও একটি ছয়, দুই ও লেগ বাই চারসহ ওই ওভার থেকে এসেছে ১৮ রান। টেস্ট ম্যাচের প্রথম ওভার থেকেই এত রান, সেটাও অভিষিক্ত বোলারের বলে। টেস্ট ক্রিকেটের প্রথম দিককার অনেক ম্যাচেরই বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তার পরও ওই দুটিকেও রেকর্ড বলে দিতে ঝুঁকি থাকছে বোধহয় সামান্যই!