অনেক প্রশ্ন মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কাল (পরশু) রাতে ঘুমাতে যাওয়ার সময় তো জানতেন প্রতিপক্ষ বরিশাল নয়...মুশফিক: অবশ্যই। সন্ধ্যা পর্যন্ত জানতাম যে বরিশালের সঙ্গে খেলা হতে পারে। পরে দিনের দ্বিতীয় খেলাটা দেখার সময় জানলাম, চট্টগ্রাম কিংসের সঙ্গে খেলা। চট্টগ্রামের সঙ্গে খেলা জেনেই রাতে ঘুমাতে যাই। সকালে উঠে শুনি যে বরিশাল! তো এভাবেই এই লিগটা হচ্ছে। বাংলাদেশেই এটা সম্ভব। এটা আমাদের জন্য অস্বাভাবিক কিছু নয়, খুবই স্বাভাবিক।  এই টুর্নামেন্ট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে কি না?মুশফিক: তা তো অবশ্যই। এত বড় একটা টুর্নামেন্ট, যেটা বিশ্বজুড়ে সম্প্রচারিত হচ্ছে, সবাই দেখছে। তারাও বুঝল যে এ টুর্নামেন্ট কত অগোছালোভাবে হচ্ছে। বরিশালকে বলা হলো, ওরা ১৬ ওভারে জিততে পারলে সেমিফাইনালে চলে যাবে এবং তারা যখন চলেও গেল তখন আবার বলা হলো যে না, চট্টগ্রাম যাবে। এ জন্যই বললাম, এটা শুধু বাংলাদেশেই সম্ভব। শুধু খেলোয়াড় হিসেবেই বললাম না, মানুষ হিসেবেও বলছি। এটা অবশ্যই অনেক বড় লজ্জা।  বিপিএলে স্পট ফিক্সিংয়ের বিতর্কও হচ্ছে। এসব কি খেলায় প্রভাব ফেলে?মুশফিক: প্রভাব একদমই যে পড়ে না, তা না। আপনি বড় খেলোয়াড়দের সঙ্গে খেলছেন। তারাও যখন এ রকম কাজ করে, সতীর্থ হিসেবে অবশ্যই একটা প্রভাব পড়বে। তবে আমাদের কাজ ক্রিকেট খেলা। প্রতিদিন এটাই আমাদের রুটিন। আমার মনে হয়, এসব ওভারকাম করে যারা ভালো খেলবে, তারাই সফল হবে। অনেক অভিযোগ বিপিএলের বিরুদ্ধে। খেলোয়াড়দের পারিশ্রমিক পাওয়া নিয়েও আছে প্রশ্ন। জাতীয় দলের অধিনায়ক হিসেবে এমন একটা টুর্নামেন্টে খেলে কেমন লাগছে?মুশফিক: আমার তো মনে হয় আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় সুযোগ ছিল এখানে ভালো পারফর্ম করার। তবে এ টুর্নামেন্টটা অনেক বেশি অগোছালোভাবে হয়েছে। শুধু টাকা-পয়সার দিক থেকে না, আর শুধু আমরাই না, বিদেশি ক্রিকেটারদের অনেককেই এখন পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি। দিলেও অল্প দেওয়া হয়েছে। যেটা কমিটমেন্ট ছিল, আমাদের ৭৫ শতাংশ দেওয়া হবে টুর্নামেন্ট শেষ হওয়ার সময়। কিন্তু এখন পর্যন্ত আমাদের ওইভাবে কিছুই দেওয়া হয়নি।  আপনার বা আপনার দলের কত ভাগ টাকা পেয়েছে?মুশফিক: আমরা পেয়েছি, তবে এখন পর্যন্ত ৭৫ শতাংশ পাওয়ার প্রতিশ্রুতি ছিল, সেটা পাইনি। কিছু পেয়েছি। এই ধরুন সব মিলিয়ে ৪০-৫০ শতাংশ। বিদেশি খেলোয়াড়েরা টাকা পায়নি বললেন। বিপিএল সম্পর্কে তাহলে কী ধারণা পেল তারা?মুশফিক: ক্রিকেটের দিক থেকে বললে সবার জন্য বিপিএল থেকে অনেক কিছু শেখার ছিল। তবে মাঠের বাইরের কথা যদি বলতে বলেন, তাহলে বলব, যাঁরা এটা করেছেন, তাঁদের ভাবা উচিত। আমরা এখানে খেলছি এবং আমাদের একটা পারিশ্রমিকের ব্যাপার আছে। সেটার যদি কোনো নিশ্চয়তা না থাকে, ভবিষ্যতে খেলোয়াড়েরা খেলবে কি না, সন্দেহ আছে।