অনেক প্রশ্নের কোরিয়া-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পতাকা থাকবে কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকির হাতে  আজ যাচ্ছে ফুটবল দল
‘পতাকা দেখানোর সময় শেষ। এখন রেজাল্ট দেওয়ার সময় এসেছে। স্বর্ণপদক চাচ্ছি না, সম্মানজনক রেজাল্ট চাই।’
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার কথাটা স্ববিরোধী। ১৭তম এশিয়ান গেমস উপলক্ষে কাল বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একবার বললেন আন্তর্জাতিক গেমসে ফল চান, অবার বললেন সম্মানজনক ফল হলেই চলবে। বিওএ আসলে কী চায় বোঝা কঠিন!
‘সম্মানজনক ফলের’ সংজ্ঞাটাও ধোঁয়াশাচ্ছন্ন। গত জুলাইয়ে কমনওয়েলথ গেমসে যাওয়া ১০ দলের মধ্যে একমাত্র পদক এনেছে শু৵টিং। বাকি নয়টি দলকে ‘ব্যর্থ’ বলে ছেঁটে ফেলা হয়েছে ১৯ সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার ইনচনে শুরু এশিয়ান গেমস থেকে। আবার কমনওয়েলথ গেমসে বাদ পড়া ৫টি দল যোগ হয়েছে এশিয়াডে (আর্চারি, ফেন্সিং, তায়কোয়ান্দো, কারাতে, উশু)। নতুন সংযোজন ক্রিকেট, ফুটবল, হকি, গলফ, কাবাডি, বিচ ভলিবল। সঙ্গে শু্যটিং তো আছেই।
কমনওয়েলথে ব্যর্থদের কাতারে থাকা জিমন্যাস্টিকস ক্রীড়া প্রতিমন্ত্রীর সুপারিশে পরে ঢুকেছে এশিয়াডে। একমাত্র জিমন্যাস্ট যুক্তরাষ্ট্রপ্রবাসী ‘সম্ভাবনাময়’ মিশিগানের তিন নম্বর র্যা ঙ্কিংধারী সাইক সিজার বিশেষ বিবেচনায় পাচ্ছেন শেষ সুযোগ। যদিও সত্যিকার অর্থে এশিয়াডে ক্রিকেট ও কাবাডি ছাড়া পদকের সম্ভাবনা আর কারোরই নেই।
বিওএ মহাসচিবও সেটি মানছেন, ‘গতবার এশিয়াডে পুরুষ ক্রিকেটে সোনা, মেয়েদের ক্রিকেটে রুপা ও মেয়েদের কাবাডিতে ব্রোঞ্জ পেয়েছি আমরা। এবারও এই তিনটি দলের কাছ থেকে আশানুরূপ ফল আশা করছি।’ সঙ্গে অবশ্য আশার বেলুনও ফোলাচ্ছেন মহাসচিব, ‘শু৵টিং, আর্চারি ও জিমন্যাস্টিকসে ভালো ফলের সম্ভাবনা আছে।’
সেটাই হলে বাকিগুলোকে নেওয়া হচ্ছে কেন? বিশেষ করে প্রশ্ন উঠেছে অপ্রচলিত খেলা ফেন্সিং নিয়ে। বিওএ মহাসচিবের অদ্ভুত যুক্তি,‘সবাইকে সুযোগ দেওয়া উচিত। ওরা পরীক্ষা দিয়ে আসুক। ব্যর্থ হলে পরে বাদ।’ এই দলগুলোর সামর্থ্য বিওএর অজানা নয়। সাফল্য-তত্ত্বই তাদের কাছে বিবেচ্য হলে ১৩টি খেলায় ১২৬ জন খেলোয়াড় ও ৪০ কোচ-কর্মকর্তা ও বিওএর কয়েকজন প্রতিনিধি নিয়ে ১৬৬ জনের বিশাল বহর কেন যাবে কোরিয়ায়?
আর এই বহরে অ্যাথলেটিকস-সাঁতারের মতো গেমস ইভেন্ট কিনা বাদ! শাহেদ রেজার কথা অনুযায়ী ব্যর্থ হলে বাদ পড়া মানে এর পর বড় গেমসে ক্রিকেট-কাবাডি ছাড়া সুযোগ মিলবে না অন্য কারও! অলিম্পিক গেমসে দলই পাঠানোর তো প্রশ্নই আসবে না। এশিয়ান-কমনওয়েলথ গেমসে দুই একটি খেলা ছাড়া বাকিরা থাকবে ব্রাত্য।
এসব নিয়ে বিওএ মহাসচিব ঘুরিয়ে বললেন, ‘ভবিষ্যতে যে দলগুলো ভালো করবে তাদের আমরা এক চোখে দেখব। খারাপ করাদের অন্য চোখে।’ মানে ‘খারাপ করা’ দলগুলোকে ছুড়ে ফেলা হবে। এর অর্থ দাঁড়ায়, অস্তিত্বের সংকটে থাকা অ্যাথলেটিকস-সাঁতারসহ অনেক খেলারই বিলুপ্তি আসন্ন!
আরও অবাক ব্যাপার, পরশু দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ নিতে যাওয়া ১২ জন ভারোত্তোলককে এশিয়াডে খেলতে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। ফেডারেশনের যুক্তি, কোরিয়ায় ভারোত্তোলন দল পাঠানো বাবদ বিওএর কোনো খরচ নেই। তাহলে খেলার সুযোগ দিতে বাধা কোথায়?
গ্রহণযোগ্য কোনো উত্তর নেই। এশিয়াডের পর নতুন নীতিমালা করা হবে জানিয়ে বলেছেন, আঞ্চলিক গেমসে (এসএ গেমস) সব দল পাঠানো হবে, ‘বড় গেমসে গিয়ে ১৭ জনে ১৬তম হওয়ার অভিজ্ঞতা আমাদের দরকার নেই। দলগুলোকে আরও ভালো ট্রেনিং করাব আমরা। প্রয়োজনে বিদেশি কোচ আনব, দল আনব।’
মঞ্চে উপস্থিত ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার িদলেন সহযোগিতার আশ্বাস। বিওএ অডিটোরিয়ামে ফুটবল-হকিসহ গেমসগামী অন্য দলগুলোর সদস্যরা ছিলেন। গমগম করছিল গোটা পরিবেশ। সেটারই আবেশ গায়ে মেখে সবার আগে আজ রাতে রওনা হচ্ছে ফুটবল। গেমস ফুটবল শুরু ১৪ সেপ্টেম্বর ।