অনেক প্রাপ্তির এক ইনিংসের পর
প্রথম চ্যালেঞ্জটাই কঠিন। কিন্তু ওটা অতিক্রম করতে পারলে বাকি কাজটা হয়ে যেতে পারে অনেক সহজ। ধরুন, আজ আর ৩৫-৪০ রানের মধ্যেই অলআউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর ২৫০-২৬০ রানের লক্ষ্য অতিক্রমের জন্য যদি হাতে পাওয়া যায় ৬০-৬৫ ওভার, মিরপুরের এমন উইকেটে কেন জিতবে না বাংলাদেশ?চতুর্থ দিন শেষে ড্রেসিংরুমে এ রকমই একটা খসড়া পরিকল্পনা হয়েছে। খেলোয়াড়েরা কাল পর্যন্ত যা করেছেন, তাতে বাংলাদেশ দলের দায়িত্বপ্রাপ্ত কোচ শেন জার্গেনসেন খুব খুশি। শেষ দিনের জন্য এখন জয়ের অঙ্ক করতে পারছেন তিনি, করাচ্ছেন খেলোয়াড়দের দিয়েও। টিম মিটিংয়ে জার্গেনসেন বলে দিয়েছেন, আজ ওয়েস্ট ইন্ডিজ দলকে খুব বেশি ব্যাট করতে না দিয়ে জয়ের লক্ষ্যটা রাখতে হবে ২৫০ রান বা তার আশপাশে।১১ মাস পর টেস্ট খেলতে নামা বাংলাদেশ দলের জয়ের এই স্বপ্নে খোদাই করা আছে নাসির হোসেনের নামও। নাঈমের সেঞ্চুরি আর সাকিব-তামিমের ওমন ইনিংসের পর কাল নাসিরের ৯৬ না হলে হয়তো ৫০০ রানই হতো না বাংলাদেশের। আফসোস কেবল একটাই, টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটা হতে হতেও হলো না! নড়বড়ে নব্বইয়ের শিকার হয়ে নাসির ফিরে এলেন ড্রেসিংরুমে।অথচ এই সেঞ্চুরি উদ্যাপনের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন আগে থেকেই, ‘সবকিছু অনেক আগেই পরিকল্পনা করে ফেলেছিলাম। সেঞ্চুরি করার পর এ-রকম করব, ও-রকম করব। কিন্তু হলো না।’ সেঞ্চুরি হয়নি বলে পরিকল্পনাটা গোপনই রেখেছেন। শুধু বললেন, ‘যখন সেঞ্চুরি করব, তখন দেখবেন। এমন কিছু করতাম, যেটা দেখে সবাই তাকিয়ে থাকত আর বলত, ও এটা কী করল!’পরিকল্পনা ভেস্তে গেল বলে গোপন আফসোস নিশ্চয়ই আছে নাসিরের। কিন্তু দুঃখ-কষ্টের অভিব্যক্তি তাঁর চেহারায় খুঁজে পাওয়া কঠিন। দুষ্টুমিভরা হাসি আড়াল করে দেয় সবকিছু। কাল সেসবের সঙ্গে ভাগ্যকেও ঢাল বানালেন, ‘সেঞ্চুরি কপালে থাকা লাগে। কপালে ছিল না, তাই হয়নি।’নাসিরের ব্যাটিং নিয়ে আলাদা পরিকল্পনা ছিল কোচের। সাত নম্বরে ব্যাটিং করবেন নাসির, কাজেই মুখোমুখি হতে পারেন দ্বিতীয় নতুন বলের। জার্গেনসেন নাসিরকে সেভাবেই ব্যাটিং প্র্যাকটিস করিয়েছেন। কোচের ছকের সঙ্গে মিলিয়ে নাসিরেরও পরিকল্পনা ছিল টেল এন্ডারদের নিয়ে ধরে খেলবেন। শেষ পর্যন্ত থাকবেন, মেরে খেলবেন শেষ উইকেটে গিয়ে। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের আগের ওভারে আউট হয়ে যাওয়ায় কাজে লাগাতে পারেননি পরিকল্পনার শেষাংশ। তবে যেটা করে গেছেন, ১১ মাস পর টেস্টে ফেরা বাংলাদেশ দলকে স্মরণীয় কিছু উপহার দিতে তাঁর অবদানও কম হবে না। নাসির অবশ্য এ জায়গায় মিরপুরের উইকেটের প্রতিও কৃতজ্ঞ, ‘দারুণ ব্যাটিং উইকেট। যে পরিকল্পনা অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম, সেই অনুযায়ী এগোতে পেরেছি। প্রত্যেকেই খুব ভালো ব্যাটিং করেছে।’ভালো ব্যাটিং যে হয়েছে, তার প্রমাণ তো প্রথম ইনিংসের ৫৫৬ রানই। শুধু এই টেস্ট নয়, ৫৫৬ রান ক্রিকেটারদের আত্মবিশ্বাসে জ্বালানি হবে ভবিষ্যতেও। নিজেদের সামর্থ্যের সীমারেখা যেন নতুন করে জানলেন নাসিররা, ‘আমাদের মধ্যে কী আছে, আমরা কী করতে পারি, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। ভালো ব্যাটিংয়ের কারণেই ওই জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে।’টেস্টের ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, নাসির-নাঈমদের অভিজ্ঞতার ভান্ডারে এই বিশ্বাসটাও বড় অর্জন হয়ে থাকবে সন্দেহ নেই। তবে ৫৫৬টা এখন তাঁদের কাছেও অতীত। প্রথম ইনিংস শেষে ড্রেসিংরুমে ফেরার পর থেকেই সবার চোখ সামনের দিকে। অন্য অনেক সময়ই প্রথম ইনিংসের পর একটা গুমোট আবহ তৈরি হয় ড্রেসিংরুমে। ‘এ কী করলাম’—এ রকম যাতনার সঙ্গে দ্বিতীয় ইনিংসের চাপ সবার মুখে আঁধার নামিয়ে আনে। কাল হলো উল্টো, ‘কী করে এলামের’ তৃপ্তিটাও যেন হারিয়ে গেল ‘কী করতে হবে’র প্রতিজ্ঞার আড়ালে।প্রতিজ্ঞা পূরণের ছক তো সাজিয়েই দিয়েছেন কোচ জার্গেনসেন। তাতে উত্সবের রং চড়ানোর কাজটা করতে হবে ক্রিকেটারদেরই।